টিম ন্যাশনালিস্ট ভয়েসের’ ময়মনসিংহ বিভাগীয় সভাপতি শাহীন আলম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী শাহীন আলমকে সভাপতি করে ‘টিম ন্যাশনালিস্ট ভয়েসের’ ১৭১ সদস্যবিশিষ্ট ময়মনসিংহ বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান সরকার ও সাধারণ সম্পাদক মো. রিফাত হোসাইনের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি পদসহ বাকৃবির তিন শিক্ষার্থী গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন। তাঁদের মধ্যে শাহীন আলম সভাপতি, আব্দুল্লাহ আল নোমান নিয়ন সহ-সভাপতি এবং মো. আরিফ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী মুরাদূল ইসলাম সিয়াম। সাধারণ সম্পাদক হয়েছেন জামালপুরের সোহাগ আহমেদ খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. জিদানুর ইসলাম জিদান।
ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রনেতাদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে নতুন এ কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সভাপতি নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শাহীন আলম বলেন, “আমার ওপর অর্পিত এই দায়িত্বকে আমি সম্মান ও নিষ্ঠার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। পদ নয়, দায়িত্বই আমার কাছে মুখ্য।”
তিনি আরও বলেন, “ময়মনসিংহ বিভাগের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এ পথচলায় সবার আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও সমর্থন কামনা করছি।”
শাহীন আলম বলেন, “আমি বিশ্বাস করি, টিম ন্যাশনালিস্ট ভয়েস একটি ঐক্যবদ্ধ, সচেতন ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম হিসেবে জাতীয়তাবাদী চেতনা, দেশপ্রেম এবং গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে ইতিবাচক ভূমিকা পালন করবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটিকে একটি আদর্শ ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই।” এ জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।



























