কুবিতে ছাত্রদল ও ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নাশকতা, অপতৎপরতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল ও ছাত্রশক্তি।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের উত্তর ও দক্ষিণ মোড় প্রদক্ষিণ করে পুনরায় মূল ফটকে এসে শেষ হয়। এতে দুই সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল থেকে ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘লীগ ধরে জেলে ভর, কিসের আবার ডিসেম্বর’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এ বাংলায় হবে না’ এবং ‘ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিলে ছাত্রশক্তির কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক নাঈম ভুঁইয়া বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে সব ছাত্রসংগঠন ও শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে, একইভাবে ডিসেম্বরকে ঘিরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের অপতৎপরতা প্রতিহত করা হবে। এ সময় তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের যেখানে পাওয়া যাবে, সেখানে গণধোলাই দেওয়ার হুমকি দেন। বিশ্ববিদ্যালয়ে এখনো যারা আত্মগোপনে রয়েছেন, তাঁদের উদ্দেশেও হুঁশিয়ারি দেন তিনি।
মিছিল শেষে কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের যেসব ব্যক্তি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, তাঁদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করলে আর্থিক পুরস্কার দেওয়া হবে। ক্যাম্পাসের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা কাজ করবেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের কোনো কার্যক্রম চোখে পড়লে তাঁদের জানাতে হবে। অভিযুক্তদের মারধরের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার হুমকিও দেন তিনি।
মোস্তাফিজুর রহমান শুভ অভিযোগ করেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা গত ১৭ বছর ধরে দেশের বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর অত্যাচার ও নির্যাতন চালিয়েছেন। ৫ আগস্টের পর দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ছাত্রদলের সব ইউনিট কাজ করবে বলেও জানান তিনি।



























