গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিজেন্ট বোর্ডের সিদ্ধান্তের আলোকে গোপালগঞ্জ জেলা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
এর আগে গত ১৭ নভেম্বর রাতে রিজেন্ট বোর্ডের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বরও বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছিল।



























