শুক্রবার ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রাহায়ণ ১৪৩৩

ডিআইইউ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩৯, ১৯ নভেম্বর ২০২৬

ডিআইইউ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন বিভাগ

ডিআইইউ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন বিভাগ
ছবিঃ প্রতিনিধি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (DIUDS) আয়োজনে ৫ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩২টি দলের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিতর্ক দল ‘Sentence of Death’। অন্যদিকে রানারআপ হয়েছে ফার্মেসি বিভাগ।

চ্যাম্পিয়ন দল ‘Sentence of Death’-এর সদস্যরা হলেন নুসরাত জাহান নিশাত, হালিমা আক্তার ও সুমাইয়া আক্তার।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের এসটিসি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (BOT) চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, দেশের বর্তমান কঠিন সময়েও তরুণদের মধ্যে যুক্তিনির্ভর বিতর্কচর্চা অত্যন্ত ইতিবাচক। শিক্ষার্থীদের যুক্তি উপস্থাপনের দক্ষতা তাঁকে মুগ্ধ করেছে।

তিনি আরও বলেন, মূল্যস্ফীতির কারণে শ্রমিকদের প্রকৃত আয় ও সঞ্চয়ের ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে। এ পরিস্থিতিতে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে রাষ্ট্রের বড় ধরনের হস্তক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে মালিকপক্ষ, শ্রমিক ও রাষ্ট্রের মধ্যে কার্যকর সমঝোতা জরুরি।

দেশের তৈরি পোশাকশিল্পের সংকট তুলে ধরে তিনি বলেন, শিল্পের বিকাশ ও মুনাফা অর্জনের পরও অনেক উদ্যোক্তা আর্থিক ঝুঁকি কমানোর যথাযথ উদ্যোগ নেননি। অন্যদিকে আন্তর্জাতিক ক্রেতারা মানবাধিকারের কথা বললেও বাংলাদেশের পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে তাঁদের কার্যকর ভূমিকা প্রয়োজন। আন্তর্জাতিক বাজারে দর-কষাকষির সক্ষমতা বাড়ানো ছাড়া এ সংকটের টেকসই সমাধান কঠিন। বিতর্কে অংশগ্রহণকারী উভয় দলের বক্তব্যের প্রশংসা করে তিনি বলেন, ‘দুই দলই অসাধারণ বক্তব্য রেখেছে। আমার মনে হয়, দুই দলই জয়ী হওয়া উচিত।’

অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বিতর্ক চলাকালে তিনি লক্ষ্য করেছেন, প্রধানমন্ত্রী যতটুকু সময় বক্তব্য দিয়েছেন, বিরোধী দলের একজন সংসদ সদস্যকেও ঠিক ততটুকু সময় দেওয়া হয়েছে। এমনকি প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিরোধী দলের সদস্যরা নির্ভয়ে দাঁড়িয়ে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন। বাংলাদেশের ভবিষ্যৎ সংসদেও এমন চর্চা দেখতে চান তিনি, যেখানে বিরোধী দলের একজন সাধারণ সদস্যও প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় দাঁড়িয়ে প্রশ্ন করতে পারবেন এবং প্রধানমন্ত্রী সেই প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকবেন।

রুমিন ফারহানা আরও বলেন, সরকারের জবাবদিহি নিশ্চিত করতে এবং সরকারকে জনগণের প্রশ্নের মুখোমুখি দাঁড় করাতে কার্যকর সংসদীয় ব্যবস্থার কোনো বিকল্প নেই। তাঁর মতে, যে সমাজে যুক্তি, তথ্য ও পরিসংখ্যানের গুরুত্ব থাকে না, সেখানে গালাগুলি, হানাহানি ও ব্যক্তিগত আক্রমণ বাড়তে থাকে। বাংলাদেশের গত কয়েক বছরের রাজনৈতিক পরিস্থিতি এর বাস্তব উদাহরণ। রাজনৈতিক দল, নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে পরস্পরের যুক্তি শোনার মানসিকতা থাকলে সমাজ আরও ইতিবাচক হতে পারত। বক্তব্যের শেষাংশে তিনি বলেন, ‘জয় হোক যুক্তির, জয় হোক তথ্যের।’

অনুষ্ঠানের সভাপতি উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি উৎপাদনশীলতা বজায় রাখাও জরুরি। উৎপাদন কমে গেলে শুধু শ্রমিকদের নয়, বরং পুরো রাষ্ট্রীয় ব্যবস্থাই ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হবে। তাই শ্রমিকদের অধিকার ও উৎপাদনব্যবস্থার মধ্যে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন।

তিনি আরও বলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের জ্ঞান ও চিন্তার বিকাশে নতুন নতুন বিতর্ক আয়োজন করতে চায়। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের সীমাবদ্ধতা দূর করে নতুন চিন্তা ও মতামত প্রকাশের সুযোগ তৈরি হবে। তাঁর ভাষায়, আলোচনা হতে হবে গণতন্ত্রের জন্য, রাষ্ট্র ও দেশকে বাঁচানোর জন্য। সবকিছুর ঊর্ধ্বে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে— ‘বাংলাদেশ আগে, তারপর অন্য সবকিছু।’

উল্লেখ্য, ৩২টি দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় আইন বিভাগের ‘Sentence of Death’ দলের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অঙ্গনে আইন বিভাগের শিক্ষার্থীরা নিজেদের যুক্তি, বিশ্লেষণ ও উপস্থাপনাগত দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

এ আয়োজন সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (DIUDS) মডারেটর মিলি রহমান এবং তাঁর টিমের সদস্যরা নিরলস পরিশ্রম করেছেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও সাংগঠনিক দক্ষতায় আয়োজনটি পূর্ণতা লাভ করে। ভবিষ্যতে DIUDS-কে আরও এগিয়ে নেওয়া এবং বিশ্ববিদ্যালয়ে যুক্তিনির্ভর বিতর্কচর্চার পরিসর বিস্তৃত করতে দৃঢ়প্রতিজ্ঞ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়