রাবিপ্রবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলা-চাঁদা দাবির অভিযোগ
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ছাত্রদলের পদ স্থগিত সদস্য সচিব জিসান আহম্মেদের নেতৃত্বে শাখা ছাত্রদল সংশ্লিষ্ট ১০-১২ জনের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে নির্যাতন ও পুলিশে দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর বরাবর এ বিষয়ে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। একই দিনে অভিযোগকারী উপরিউক্ত ঘটনার অভিযোগ এনে রাঙ্গামাটি সদর থানায় সাধারণ ডায়েরি করেন।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৯টা ৩০ মিনিটের সময় জিসান আহম্মেদ, মোহাম্মদ সাঈদ, তৌহিদুল ইসলাম, সাজিদ হোসেন ও তাদের লোকবল নিয়ে অতর্কিত হামলা ও একটি ব্যাগে পেট্রোলের বোতল নিয়ে মানসিকভাবে হেনস্থা এবং শেষ পর্যায়ে ছাত্রলীগ ট্যাগ দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করার অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী।
অভিযোগে বলা হয়, অভিযুক্ত মাসুদুল আলম রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ৮ম ব্যাচের একজন শিক্ষার্থী। গত ২৩ নভেম্বর রাত ৯টা ১২ মিনিট ও ৯টা ১৩ মিনিটে জিসান আহম্মেদ তাকে ফোন করেন। পরবর্তীতে রাত ৯টা ১৪ মিনিটে পুনরায় ফোন করে তাকে বনরূপা এলাকায় ডেকে নিয়ে যান। সেখানে মসজিদের বিপরীত পাশে অবস্থিত মেসার্স হিল ভিউ ফিলিং স্টেশন অ্যান্ড পেট্রোল পাম্পের সামনে জিসান আহম্মেদের নেতৃত্বে মোহাম্মদ সাঈদ, তৌহিদুল ইসলাম, সাজিদ হোসেনসহ রাবিপ্রবি শাখা ছাত্রদলের সঙ্গে সংশ্লিষ্ট বলে তার জানা মোট ১০-১২ জন সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালায়। রাত ১০টা ১৫ মিনিটের মধ্যে তারা দফায় দফায় তাকে মারধর করে। উল্লিখিত ব্যক্তিরা তাকে প্রায় এক ঘণ্টা ধরে দফায় দফায় মারধর ও শারীরিক নির্যাতন করে। নির্যাতনের একপর্যায়ে তারা তার কাছে পরবর্তী তিন দিনের মধ্যে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা প্রদান না করলে তাকে হত্যার হুমকি দেয়। একই সঙ্গে তার স্বাভাবিক শিক্ষাজীবন ব্যাহত করারও হুমকি প্রদান করে।
অভিযোগে মাসুদুল আলম আরও বলেন, পরবর্তীতে তারা নিজেরা পেট্রোল সংগ্রহ করে পাশে অবস্থানরত পুলিশের গাড়িতে সরবরাহ করে এবং তাকে ওই গাড়িতে তুলে দেয়। এরপর তাকে থানায় নিয়ে যাওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন দায়িত্বশীল শিক্ষকের হস্তক্ষেপে পরবর্তীতে তাকে থানা থেকে উদ্ধার করা হয়। এ ছাড়া আরও কয়েকজন জড়িত ছিলেন, যাঁদের পরিচয় তদন্তের মাধ্যমে শনাক্ত করার আবেদন করছেন তিনি। ঘটনার প্রমাণ হিসেবে ফোনকলের স্ক্রিনশট, ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ডিং তার কাছে সংরক্ষিত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ভুক্তভোগী শিক্ষার্থী মাসুদুল আলম বলেন, ‘আন্তঃডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্টে যে বিশৃঙ্খলা হয়েছে সেটার বিরুদ্ধে আমি এবং আমার ম্যানেজমেন্ট বিভাগের টিম প্রতিবাদ করেছিলাম। মূলত সেটার ক্ষোভ ধরে গত ২৩ তারিখ রাত ৯টা ৩০ মিনিটের সময় জিসান, সাঈদ, তৌহিদ, সাজিদ ও তাদের লোকবল নিয়ে আমার ওপর অতর্কিত হামলা ও মানসিকভাবে হেনস্থা করে। জিসান দেখা করবে বলে আমাকে ডাকে এবং আসার সময় হাতে একটা ব্যাগে পেট্রোলের বোতল নিয়ে আসে, হেনস্থার শেষ পর্যায়ে আমাকে ছাত্রলীগের ট্যাগ দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে দেয়, যেটা পুরোপুরি বানোয়াট এবং তাদের সাজানো অপবাদ ছিল। মূলত তারা খেলাধুলার বিষয়টার জের ধরেই আমার সঙ্গে এরকম অপ্রীতিকর ঘটনা ঘটায়। গত পরশু শারীরিক শিক্ষা ডিপার্টমেন্টে সন্ধ্যা ৬টার মিটিংয়ে ব্যাপারটা সমাধানও করে দেওয়া হয়। বিষয়টি তারা মানতে নারাজ এবং আমার ওপর মনঃক্ষুণ্ণ হয়ে এমনটা করে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জিসান আহম্মেদ বলেন, ‘সেদিন সন্ধ্যায় আমি মূলত শুনলাম ওর বাবা অসুস্থ, ওর বন্ধুর কাছ থেকে। শোনার পরে আমি ওর বাবার খোঁজখবর নেওয়ার জন্য বনরূপায় ছিলাম। বনরূপায় আশেপাশে আছে কি না জিজ্ঞেস করার জন্য কল দিয়েছিলাম। ও বলল বনরূপায় আছে। মসজিদের আশেপাশের এলাকায় মসজিদের সামনে যে ফুটপাত আছে ওখানেই ওর সঙ্গে আমার দেখা হয়। ওর হাতে একটা ব্যাগ ছিল। ইদানিং আমি একটু দেখছিলাম যে হলে থাকতেছে না, আগে থাকত। বিষয়টাও আমার কাছে সন্দেহ লাগে। তার সঙ্গে আমি কথা বলছিলাম। তার গতিবিধি আমার কাছে সুবিধার লাগেনি। তার হাতে আমি একটা ব্যাগ দেখছিলাম। কথা বলতে বলতে একপর্যায়ে ব্যাগের দিকে আমার নজর যায়। ব্যাগের ভেতরে আমি কিছু একটা আনইউজুয়াল দেখতে পাই। আমি তার ব্যাগটা চেক করলাম। ব্যাগটা চেক করে দেখলাম যে তার ব্যাগের মধ্যে অকটেন এবং দুটি কাঁচের বোতল আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম এগুলো কী। ও বলতে পারছিল না যে বাসার জন্য বা কী নিয়ে যাচ্ছে। তারপর ওখানে আমার একজন জুনিয়র আসে। জুনিয়রকে বললাম যে ঠিক আছে ব্যাগটা নে আমরা রাস্তার ওপাশে যাই। যেহেতু ফুটপাতে ছিলাম, ফুটপাতে তো মানুষ বেশি। ওপাশে পৌঁছে আমি মোটরসাইকেল নিয়ে পার হই। তার হাতে আমি দুই লিটার পেট্রোল এবং দুটি কাঁচের বোতল পাই। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে কল করি যে এরকম এরকম পাই এবং তার সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক, যেহেতু আগে ছাত্রলীগ করত, মাঝখানে অবশ্য ছাত্রলীগ ছেড়ে দিয়েছিল, কিন্তু এখন আবার ইন্টারনাল যোগাযোগ। আমি পুলিশকে কল দেই, পুলিশ বলছে যে আসবে। এরপর প্রক্টরিয়াল বডিকে কল দেই। তার মোবাইলে চার্জ ছিল ১%। পাশের দোকানে মোবাইল চার্জ দিয়ে মোবাইল খুলে দেখি যে ও বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ গণ্ডগোল লাগানোর জন্য একটা ভয়েস মেসেজ করেছিল এক ছাত্রলীগ নেতার সঙ্গে। এই ভয়েসটা দেখার পরে আমি তাকে চার্জ করি এবং লাস্টে কয়েকটা গ্রুপে তাকে অ্যাড দেখতে পাই। এর পরবর্তীতে পুলিশ আসে, প্রক্টর স্যার আসে। এরপরে তাকে থানায় নিয়ে যায়। থানায় যাওয়ার পরে তার বাবা অসুস্থ বলে বিভিন্ন আকুতি-মিনতি করতে থাকে। আর কখনো করবে না এরকম বলতে থাকে। শেষে প্রক্টরিয়াল বডি তাকে নিজের জিম্মায় নেয়, যেহেতু পুলিশই এটাকে উদ্ধার করে নিয়ে আসছিল এই পেট্রোল হাতবোমাসহ। শেষে প্রক্টরিয়াল বডির জিম্মায় অধিকতর তদন্ত এবং সঙ্গে কে কে জড়িত আছে তা বের করার জন্য লিখিত দিয়ে নিয়ে আসে এবং তার মোবাইলটি প্রক্টরিয়াল বডি সিজ করে এবং ভয়েস কয়েকটি শোনে। ছাত্রলীগের অনেক নেতার সঙ্গে তার আতাত আছে, তার মেসেঞ্জারে দেখা যায় তখন, মোবাইল জব্দ করবে সেজন্য আমরা ছবি তোলার সময় পাইনি। এতটুকুই ছিল ঘটনা।’
ঘটনাটি নিয়ে রাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন অর্ণব কোনো মন্তব্য করেননি।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফখরুদ্দিন বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। সংশ্লিষ্ট শিক্ষার্থীর লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হবে এবং সংশ্লিষ্ট সবার বক্তব্য নেওয়া হবে। প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, অভিযুক্ত জিসান আহম্মেদের বিরুদ্ধে পূর্বেও নানা ধরনের অভিযোগ উঠে আসে। এর আগে গত ২৭ জুলাই সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জিসান আহম্মেদের রাবিপ্রবি শাখা ছাত্রদলের সদস্যসচিব পদ স্থগিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।



























