বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রাহায়ণ ১৪৩৩

রাজশাহী কলেজ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১০, ২৬ নভেম্বর ২০২৬

ফেসবুক পোস্ট ঘিরে শিক্ষার্থীদের ক্ষোভ, শিক্ষককে শোকজ

ফেসবুক পোস্ট ঘিরে শিক্ষার্থীদের ক্ষোভ, শিক্ষককে শোকজ
ছবিঃ প্রতিনিধি

ফেসবুকে ‘এই রকম উসকানিমূলক আবহাওয়ায় ভুনা কিশোরী, থুক্কু খিচুড়ি খেতে ইচ্ছে করছে’ লিখে পোস্ট দিয়ে সমালোচনার মুখে পড়েছেন রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল কিবরিয়া। তার ওই পোস্ট ঘিরে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ক্ষোভ ও সমালোচনা তৈরি হয়েছে। কেউ কেউ এ ঘটনায় তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন। সমালোচনার মুখে পোস্টটি মুছে দিয়ে দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন ওই শিক্ষক। এদিকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলেজ প্রশাসন।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্টটি দেন জুয়েল কিবরিয়া। আবহাওয়ার প্রসঙ্গ টেনে খিচুড়ির সঙ্গে ‘কিশোরী’ শব্দটি ব্যবহার করেন তিনি। কিছুক্ষণ পর পোস্টটি মুছে ফেললেও এরই মধ্যে সেটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

রাজশাহী কলেজের শিক্ষার্থী আহাম্মদ জুবাইর নিজের ফেসবুক পোস্টে এ ঘটনার প্রতিবাদ জানান। তিনি লেখেন, কলেজের বাংলা বিভাগের একজন শিক্ষক কিশোরী খাওয়ার কথা উল্লেখ করে পোস্ট দিয়েছেন। পরে সেটি মুছেও ফেলেছেন। এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রশ্ন তোলেন, অন্য কোনো বিভাগের শিক্ষক কিংবা ধর্মীয় ব্যক্তিত্ব এমন পোস্ট দিলে প্রতিক্রিয়া একই রকম হতো কি না।

আরেক শিক্ষার্থী তানভীরুজ্জামান তানভীরও ফেসবুকে পোস্ট দিয়ে প্রতিবাদ জানান। তার মতে, একজন শিক্ষকের প্রকাশ্য এমন মন্তব্য ব্যক্তিগত আচরণ ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তৈরি করে। কলেজের মর্যাদা রক্ষায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

রাজশাহী কলেজ ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নুর মো. ইমন শেখও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষক হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন রুচিহীন ও আপত্তিকর মন্তব্য প্রত্যাশিত নয়। শিক্ষার্থীরা শিক্ষকদের কাছ থেকে শালীনতা, নৈতিকতা ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন। এ ঘটনার যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। প্রশাসন ব্যবস্থা না নিলে শিক্ষার্থীরা নিজেরাই ব্যবস্থা নেবেন বলেও হুঁশিয়ারি দেন।

এদিকে ফেসবুকে ওই পোস্টের মন্তব্যের ঘরেও নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ মন্তব্যটিকে আপত্তিকর বলে সমালোচনা করেন। কেউ আবার অন্য পেশা বা পরিচয়ের ব্যক্তিরা এমন মন্তব্য করলে সামাজিক প্রতিক্রিয়া কেমন হতো, তা নিয়ে প্রশ্ন তোলেন। এসব প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক আরও ছড়িয়ে পড়ে।

সমালোচনার মুখে নিজের অবস্থান ব্যাখ্যা করে ক্ষমা চেয়েছেন শিক্ষক জুয়েল কিবরিয়া। এক পোস্টে তিনি লেখেন, ‘আমি কয়েকদিন আগে একটা বৃষ্টিস্নাত দিনে আবেগের বশে অথবা মজা করতে গিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, যেখানে খিচুড়ির সঙ্গে মিলিয়ে কিশোরী শব্দটি ব্যবহার করেছিলাম, যেটা আপনাদের অনেকের অনুভূতিতে আঘাত দিয়েছে। সেজন্য আমি সর্বান্তকরণে ক্ষমা চাইছি।’

তিনি আরও লেখেন, ‘আমার পেশা বা মর্যাদার সঙ্গে ওই রকম মজা করা শোভনীয় নয় জেনে আমি কিছুক্ষণের মধ্যে সেটা ডিলিটও করে দিয়েছি। আমি এ ধরনের নেতিবাচক পোস্ট ভবিষ্যতে আর কখনোই দেব না বলে অঙ্গীকার করছি।’

এ বিষয়ে রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী বলেন, ‘পোস্টটি আমি দেখেছি। যে শিক্ষক এই পোস্টটি করেছেন, তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।’
 

সম্পর্কিত বিষয়: