শুক্রবার ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৩৫, ৩ জুলাই ২০২৬

ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

রূপালি পর্দায় নতুন অভিযাত্রার প্রস্তুতি নিচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। শুরুতে যে প্রকল্পটি ওয়েব ফিল্ম হিসেবে দর্শকের সামনে আসার কথা ছিল, সেটিই এখন রূপ নিচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে। সীমান্ত অঞ্চলের রহস্য আর থ্রিলারে মোড়ানো গল্প নিয়ে নির্মিতব্য ‘শিকার’ এবার সরাসরি বড় পর্দায় মুক্তির লক্ষ্যেই এগোচ্ছে।

নির্মাতা কামরুজ্জামান রোমানের পরিচালনায় চলতি মাসেই শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। প্রাথমিকভাবে গত মার্চে ক্যামেরা চালুর পরিকল্পনা থাকলেও প্রি-প্রোডাকশনের বিভিন্ন কাজ শেষ করতে সময় বেশি লাগায় শিডিউলে কিছুটা পরিবর্তন আসে বলে জানিয়েছেন নির্মাতা।

জানা গেছে, প্রকল্পটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মসের সঙ্গে আলোচনা শেষে সিনেমা হিসেবে নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। ছবিটির বাজেট, গল্পের বিস্তৃতি এবং কাস্টিংয়ের পরিধি বিবেচনায় নিয়েই এটিকে বড় পর্দার জন্য প্রস্তুত করা হচ্ছে। সিনেমাটির সিংহভাগ দৃশ্যধারণ হবে নেপালের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায়।

আবদুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে নির্মিত ‘শিকার’-এ অপু বিশ্বাসকে দেখা যাবে এক গ্ল্যামারাস চরিত্রে। তার বিপরীতে অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুরতজা পলাশ।

শুটিং শুরুর আগেই সিনেমার গানের কাজও প্রায় সম্পন্ন হয়েছে। কবির বকুলের কথায় ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্‌সি। গানটির সুর ও সংগীত পরিচালনার দায়িত্বও সামলেছেন ইমরান নিজেই। পাশাপাশি আকাশ মাহমুদের সুর ও কণ্ঠে একটি বিরহঘন গানও থাকছে এই চলচ্চিত্রে।

সবকিছু ঠিক থাকলে চলতি মাসের মাঝামাঝি সময়ে পুরো ইউনিট ঢাকা থেকে নেপালের উদ্দেশে রওনা দেবে এবং সেখান থেকেই শুরু হবে বহুল আলোচিত এই সিনেমার মূল শুটিং।

জনপ্রিয়