ডিআইইউ ল ক্লাবের দুই দিনব্যাপী স্পোর্টস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৬৭ ব্যাচ
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ল ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী ইন্ট্রা ডিপার্টমেন্ট স্পোর্টস টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যাচের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উক্ত টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. মনজুরুল ইসলাম, আইন বিভাগের চেয়ারম্যান প্রফেসর নাসির আহমেদ এবং বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। আরও উপস্থিত ছিলেন ডিআইইউ ল ক্লাবের সভাপতি রমিজ আহমেদ, সাধারণ সম্পাদক সাগর ইসলাম ও ল ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। আইন অনুষদের ডিন ও শিক্ষকরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি চর্চার আহ্বান জানান।
টুর্নামেন্টে ছেলেদের জন্য ফুটবল ও ২০০ মিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অন্যদিকে ছাত্রীদের জন্য ছিল ঝুড়িতে বল নিক্ষেপ ও পিলো পাসিং প্রতিযোগিতা। এছাড়া আইন বিভাগের শিক্ষকদের প্রীতি ফুটবল ম্যাচ এবং শিক্ষিকাদের জন্য হাঁড়ি ভাঙা প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা উপস্থিত সবার মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।
ফুটবল প্রতিযোগিতায় আইন বিভাগের ৬৭ ব্যাচ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয় ৬৮ ব্যাচ। প্রতিযোগিতায় সেরা গোলকিপার নির্বাচিত হন ৬৭ ব্যাচের তানিম ইসলাম এবং ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন ৬৮ ব্যাচের সিফাত।
এছাড়া ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন আইন বিভাগের ৬৪ ব্যাচের সোহম ইসলাম। তাছাড়া অন্যান্য প্রতিযোগিতায়ও আইন বিভাগের শিক্ষার্থীরা পুরস্কার অর্জন করেন।
দুই দিনব্যাপী এ আয়োজন শুধু প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
ল ক্লাবের আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা বাড়াতে প্রতিবছর আরও বড় পরিসরে এমন আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।


























