হাম উপসর্গে প্রাণ গেল আরও ৮ শিশুর
দেশে হামের সংক্রমণ ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে এ রোগের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৫২ জন।
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু ও হাসপাতালে ভর্তির ঘটনা ঘটে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার (৩ অক্টোবর) পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০২ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ১ হাজার ২০ জনের।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এর আগের ২৪ ঘণ্টায় অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাম ও এর উপসর্গে চার শিশুর মৃত্যু হয়েছিল। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা যায় একজন।
এ ছাড়া ওই সময়ে হাম ও এর উপসর্গ দেখা দেয় ১ হাজার ২৪২ জনের শরীরে।



























