হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি
দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও নয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৩৮ জন। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জনে।
রোববার (২২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া নয়জনের মধ্যে ঢাকা বিভাগের চারজন, চট্টগ্রাম বিভাগের তিনজন এবং সিলেট ও খুলনা বিভাগের একজন করে রয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২৪৭ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে সন্দেহজনক রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ১৬২ জন।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৩৬ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১ হাজার ৬৪ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৮৭ জন।



























