ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৬ জনে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন।
শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা।
নতুন ভর্তি হওয়া ১ হাজার ৬৭৪ জনের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৩৮২ জন, ঢাকা মহানগরে ৩৬২ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৫ জন, খুলনা বিভাগে ২২৭ জন, রাজশাহী বিভাগে ১৪৬ জন, বরিশাল বিভাগে ১৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন এবং রংপুর বিভাগে ৬৪ জন রয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হননি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭১ হাজার ৯৫৪ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৬৫ হাজার ৮৬৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৫৭৪ জন।
চলতি বছর ডেঙ্গুতে মোট ৫১৬ জনের মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি ২৬১ জন মারা গেছেন ঢাকা বিভাগে। তাঁদের মধ্যে ঢাকা মহানগরে ২২৭ জন এবং মহানগরের বাইরে ৩৪ জন। এছাড়া খুলনা বিভাগে ৮৮, চট্টগ্রামে ৫১, ময়মনসিংহে ৪০, বরিশালে ৩৩, রাজশাহীতে ৩১, রংপুরে ৮ ও সিলেট বিভাগে চারজনের মৃত্যু হয়েছে।



























