রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৬:০৮, ২১ নভেম্বর ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু
ছবিঃ সংগৃহীত

দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৩ জনে। এর মধ্যে সন্দেহজনক হামে ১ হাজার ২৩৮ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে সন্দেহজনক হামে মারা গেছেন দুজন। তাঁদের মধ্যে ঢাকা ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন।

একই সময়ে দেশে নতুন করে ৯৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ৮৩১ জন। নিশ্চিত আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৫৫, সিলেটে ২৫, চট্টগ্রামে ১২ ও রংপুরে দুজন রয়েছেন।

অন্যদিকে, নতুন সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৫৭, চট্টগ্রামে ১৪৫, সিলেটে ১০১, বরিশালে ৮৩, খুলনায় ৬০, ময়মনসিংহে ৫৬, রংপুরে ১৮ ও রাজশাহীতে ১১ জন শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ৪২৪ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ৬০ জন। এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৮ হাজার ৪৬৬ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ৭১৮ জন।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তি হয়েছেন ৭৯১ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮০৮ জন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সন্দেহজনক হামে সবচেয়ে বেশি ৫৫৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ২২১, চট্টগ্রামে ১২৫, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৬০ ও রংপুরে ১৮ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৬৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজনের মৃত্যু হয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়