বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

আন্তর্জা‌তিক‌ ডেস্ক

প্রকাশিত: ১২:৪২, ৪ ফেব্রুয়ারি ২০২৬

অনলাইন গেম খেলতে নিষেধ করায় ৯ তলা থেকে ৩ বোনের ঝাঁপ

অনলাইন গেম খেলতে নিষেধ করায় ৯ তলা থেকে ৩ বোনের ঝাঁপ
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের টিলা মোড় থানা এলাকার ভারত সিটি সোসাইটিতে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোসাইটির বি-১ টাওয়ারের নবম তলার একটি ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে তিন নাবালিকা বোন।

নিহতরা হলো নিশিকা (১৬), প্রাচী (১৪) ও পাখি (১২)। পুলিশ জানায়, তারা একটি কোরিয়ান ‘টাস্ক-বেসড’ বা লক্ষ্যনির্ধারিত গেমিং অ্যাপে মারাত্মকভাবে আসক্ত ছিল। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গেমের কোনো চ্যালেঞ্জ বা নির্দেশ পূরণ করতেই তারা এই চরম সিদ্ধান্ত নেয়।

শালিমার গার্ডেন এলাকার সহকারী পুলিশ কমিশনার (এসিপি) অতুল কুমার সিং জানান, ঘটনাটি রাত আনুমানিক ২টার দিকে ঘটে। ফ্ল্যাটের যে কক্ষে একটি ছোট মন্দির ছিল, সেই কক্ষের জানালা খোলা পাওয়া যায়। 

তদন্তে জানা গেছে, তিন বোন একটি চেয়ারের ওপর উঠে একে একে জানালা দিয়ে নিচে ঝাঁপ দেয়।

ঘটনাস্থল থেকে পুলিশ কিছু হাতে লেখা কাগজ উদ্ধার করেছে, যা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এসব কাগজে গেম সংক্রান্ত কোনো নির্দেশনা বা বার্তা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তে আরও জানা গেছে, কোভিড-১৯ মহামারীর পর থেকে তিন বোনের কেউই আর স্কুলে যেত না। বড় বোন নিশিকা মাত্র চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিল। দীর্ঘদিন শিক্ষা ও সামাজিক মেলামেশা থেকে বিচ্ছিন্ন থাকায় তারা ইন্টারনেটের জগতে অতিমাত্রায় আসক্ত হয়ে পড়ে বলে ধারণা করছে পুলিশ।

ঘটনার পর পুরো আবাসন এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন বোনকে উদ্ধার করে লোনির জয়েন্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া