শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে ইসি।
নির্বাচন কমিশন জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর (১) উপধারা অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনি কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হবে।
আইনে আরও বলা হয়েছে, এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীকে নির্বাচন কমিশন কর্তৃক ‘বৈধ প্রার্থী’ হিসেবে স্বীকৃত হতে হবে। প্রার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচনি কার্যক্রম স্থগিতের ঘোষণা দেবেন। পরবর্তীতে নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করবে।
তবে আইনে কিছু ব্যতিক্রমের কথাও উল্লেখ রয়েছে। যদি কোনো প্রার্থী বৈধ প্রার্থী হিসেবে চূড়ান্ত ঘোষণার আগেই মৃত্যুবরণ করেন, অথবা সংশ্লিষ্ট আসনে একই দলের বিকল্প কোনো বৈধ প্রার্থী থাকেন, সে ক্ষেত্রে নির্বাচন স্থগিত করার প্রয়োজন পড়ে না।
উল্লেখ্য, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারিও ছিলেন। জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।



























