সোমবার ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৭, ২ ফেব্রুয়ারি ২০২৬

ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, প্রাণহানি বেড়ে ১০০

ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, প্রাণহানি বেড়ে ১০০
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ তুষারঝড় ও তীব্র শৈত্যপ্রবাহে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রচণ্ড ঠাণ্ডা ও ভারী তুষারপাতের ফলে এখন পর্যন্ত অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। রেকর্ড পরিমাণ তুষারে ঢেকে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ি, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। উত্তর ক্যারোলিনাসহ বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা এখন বিপজ্জনক শীতের মুখোমুখি।

উত্তর ক্যারোলিনার কান্নাপোলিস শহরে ১৪ ইঞ্চি এবং শার্লট ও গ্রিনভিলের মতো শহরগুলোতে ১১ ইঞ্চির বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে। শার্লট শহরের ইতিহাসে এটি চতুর্থ সর্বোচ্চ তুষারপাতের ঘটনা। এ ছাড়া দক্ষিণ ক্যারোলিনা, জর্জিয়া ও ভার্জিনিয়াতেও উল্লেখযোগ্য পরিমাণ তুষারপাত হয়েছে।

তীব্র শীত ও পিচ্ছিল রাস্তার কারণে উত্তর ক্যারোলিনায় এক হাজারেরও বেশি যানবাহন সংঘর্ষের ঘটনা ঘটেছে। অঙ্গরাজ্যটির গভর্নর জোশ স্টেইন জানিয়েছেন, এসব দুর্ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন। সব মিলিয়ে গত এক সপ্তাহে প্রতিকূল আবহাওয়ার কারণে দেশজুড়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গভর্নর এখনও রাস্তাঘাট অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন।

এদিকে ফ্লোরিডায় গত ১০ বছরের মধ্যে সবচেয়ে বেশি ঠাণ্ডা অনুভূত হচ্ছে। ভেরো বিচ ও মেলবোর্নে তাপমাত্রা রেকর্ড পরিমাণ কমে যথাক্রমে ২৭ ও ২৬ ডিগ্রিতে নেমে এসেছে, যা গত কয়েক দশকের ফেব্রুয়ারির রেকর্ড ভেঙে দিয়েছে। নিউ ইয়র্কসহ পূর্ব উপকূল বরাবর ঘণ্টায় ২০ থেকে ৩০ মাইল বেগে বাতাস বইছে, যা শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে নতুন সপ্তাহ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং বাতাসের গতি কমে আসার সম্ভাবনা রয়েছে।

সূত্র: সিবিসি নিউজ

সর্বশেষ