আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন, দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরাইলি ও মার্কিন যৌথ হামলায় নিহত হয়েছেন বলে জোরালো দাবি করেছে ইসরায়েলের শীর্ষস্থানীয় বেশ কিছু গণমাধ্যম।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসরাইলের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরাইল’ এবং টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ১২’ নাম প্রকাশে অনিচ্ছুক ইসরাইলি সূত্রের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সকালে তেহরানে পরিচালিত বিমান হামলায় খামেনি নিহত হওয়ার ‘ক্রমবর্ধমান ইঙ্গিত’ পাওয়া যাচ্ছে। যদিও এখন পর্যন্ত ইরান বা ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ইসরাইলের চ্যানেল ১২ টেলিভিশন তাদের প্রতিবেদনে জানিয়েছে, খামেনির প্রেসিডেন্ট কম্পাউন্ড লক্ষ্য করে চালানো হামলায় তিনি ‘কমপক্ষে গুরুতর আহত’ হয়েছেন অথবা প্রাণ হারিয়েছেন। চ্যানেলটি আরও দাবি করেছে, কিছুক্ষণ পর খামেনি জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে যে খবর শোনা যাচ্ছে, তা মূলত আগে থেকে রেকর্ড করা হতে পারে। তাদের দাবি অনুযায়ী, আজকের এই সাঁড়াশি হামলায় ইরানের শীর্ষ নেতৃত্ব এবং সামরিক কমান্ডারদের ব্যাপক ক্ষতি হয়েছে।
টাইমস অব ইসরাইলের লাইভ ব্লগে জানানো হয়েছে, কেবল খামেনিই নন, হামলার পর থেকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপুরেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ইসরাইলি কর্মকর্তাদের মতে, ইরানের গোয়েন্দা প্রধান এবং প্রতিরক্ষামন্ত্রীও এই হামলায় প্রাণ হারিয়েছেন বলে তারা ধারণা করছেন।
ইসরাইলের কান স্টেট টিভি জানিয়েছে, হামলার পর থেকে খামেনির সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না এবং তার বর্তমান অবস্থা সম্পূর্ণ অনিশ্চিত।
তবে হামলার পরপরই রয়টার্সসহ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম ইরানি সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, হামলার আশঙ্কায় খামেনিকে আগেই তেহরান থেকে সরিয়ে একটি ‘নিরাপদ স্থানে’ নেয়া হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, তার জানামতে খামেনি এখনও জীবিত আছেন।
তেহরানের আকাশে এখনও ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। খামেনির কার্যালয় এবং বাসভবন লক্ষ্য করে চালানো এই হামলাকে ইসরাইল ‘অত্যন্ত সফল’ বলে অভিহিত করেছে। যদি খামেনির মৃত্যুর খবরটি সত্য হয়, তবে এটি মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয়ে বড় ভূ-রাজনৈতিক মোড় হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।



























