সোমবার ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:১২, ৮ জুন ২০২৬

পাকিস্তান-শাসিত কাশ্মীরে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ, নিহত ৭

পাকিস্তান-শাসিত কাশ্মীরে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
ছবি: সংগৃহীত

পাকিস্তান-শাসিত কাশ্মীরে পুলিশ ও নিষিদ্ধ ঘোষিত একটি আন্দোলনকারী গোষ্ঠীর সদস্যদের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে সোমবার কর্মকর্তারা জানিয়েছেন।

অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের দাবিতে সক্রিয় সরকারবিরোধী সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি) সমর্থকরা সম্প্রতি তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

যদিও কয়েক দিন আগে স্থানীয় কর্তৃপক্ষ সন্ত্রাসবিরোধী আইনে গোষ্ঠীটিকে নিষিদ্ধ করে। 

রাওয়ালকোট শহরের বেসামরিক কমিশনার সরদার ওয়াহিদ জানান, সর্বশেষ সংঘর্ষে ৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সংঘর্ষে ৪ জন পুলিশ সদস্য নিহত এবং ২৩ জন আহত হয়েছেন।

এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, জেএএসির কেন্দ্রীয় কার্যালয় ইতোমধ্যে সিল করে দেওয়া হয়েছে এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরের বৃহত্তম শহর মুজাফফারাবাদে বড় ধরনের সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এএফপি’র এক সাংবাদিক জানিয়েছেন, পাকিস্তান-শাসিত কাশ্মীরের মুজাফফারাবাদে সোমবার বাজারগুলো খোলা ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনী শহরে টহল দিচ্ছিল। সম্ভাব্য বিক্ষোভ ও লকডাউনের আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা আগে থেকেই দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র মজুত করতে ভিড় করেন।

আন্দোলনকারী সংগঠন জেএএসি তাদের ‘সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত করাকে ‘দমননীতি’ বলে আখ্যা দিয়েছে। সংগঠনটি দাবি করছে, তারা বৈধ অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহান্তে ৭০ জনেরও বেশি জেএএসি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, গত সেপ্টেম্বরে জেএএসি-নেতৃত্বাধীন আন্দোলনের সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে কয়েক দিনের সহিংস সংঘর্ষে এই অঞ্চলে নয়জন নিহত হওয়ার ঘটনা ঘটে। কাশ্মীর অঞ্চলটি দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে বিতর্কিত। দুই দেশই পুরো অঞ্চলটির ওপর নিজেদের মালিকানা দাবি করলেও ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার পর থেকে এটি তাদের মধ্যে বিভক্ত অবস্থায় রয়েছে।

জনপ্রিয়