পাকিস্তনে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ারে দেশেটির বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বিমানটিতে থাকা দুই পাইলট নিহত হয়েছেন।
সোমবার (১৫ জুন) সকালে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার মারদান জেলায় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর আন্তঃবিভাগ সংযোগ।
নিহত দুই পাইলট হলেন- বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মুহম্মদ কাসিম আব্দুল্লাহ এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট তাহা আব্বাসী।
বিমানটি ভূপাতিত হওয়ার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে আইএসপিআর।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, রুটিন প্রশিক্ষণের অংশ হিসেবে বিমানটি উড়িয়েছিলেন এ দুই চালক। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরেই মারদান জেলায় ভূপাতিত হয় বিমানটি। চালক দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে জানা গেছে।
বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।
তথ্যসূত্র : এবিসি নিউজ



























