সোমবার ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৮, ২৬ জুলাই ২০২৬

ইরানি জাহাজে ইউক্রেনের হামলা: নিহত ১

ইরানি জাহাজে ইউক্রেনের হামলা: নিহত ১
ছবি: সংগৃহীত

ইউক্রেনের হামলায় ক্যাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে বিস্ফোরণ ঘটে। এতে একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হন।

শনিবার (২৫ জুলাই) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

তেহরান এই হামলাকে আগ্রাসন বলে আখ্যা দিয়ে জানায়, তারা নিজেদের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষা করবে। একই সঙ্গে তারা ইউক্রেনের বিরুদ্ধে অভিযোগ তোলে যে, কিয়েভ যুদ্ধকে আরও বিস্তৃত করার চেষ্টা করছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-এর খবরে বলা হয়েছে, এই ঘটনার প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে হামলাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক’ বলে উল্লেখ করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, কিয়েভের কাছে এমন তথ্য রয়েছে যে রাশিয়া মধ্যপ্রাচ্যে বিভিন্ন স্থানের স্যাটেলাইট পর্যবেক্ষণের তথ্য ইরানকে সরবরাহ করছে, যাতে ইরান ওই অঞ্চলে হামলা পরিচালনা করতে পারে।

এর আগে জেলেনস্কি দাবি করেছিলেন, ইউক্রেনের বাহিনী ক্যাস্পিয়ান সাগরে একটি রুশ যুদ্ধজাহাজ এবং ইরান-সম্পৃক্ত সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম X-এ দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, জুলাইয়ের শুরু থেকে ইউক্রেন লক্ষ্য করেছে যে রাশিয়া উপসাগরীয় দেশগুলো এবং সেখানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর সক্রিয় স্যাটেলাইট নজরদারি চালাচ্ছে। তার দাবি, এসব স্যাটেলাইট চিত্র পরে ইরানের হাতে পৌঁছে যায়।

তিনি আরও বলেন, ‘রাশিয়ার স্যাটেলাইট চিত্র এবং ইরানের হামলার মধ্যে স্পষ্ট সম্পর্ক রয়েছে। হামলার আগে প্রস্তুতির সময়, হামলার সময় এবং পরে ক্ষয়ক্ষতি মূল্যায়নের ক্ষেত্রেও এই তথ্য ব্যবহার করা হয়েছে।’

জেলেনস্কির দাবি অনুযায়ী, ১৯ ও ২০ জুলাই শুধু এই দুই দিনেই রাশিয়ার স্যাটেলাইট নজরদারির আওতায় ছিল চারটি বিমানঘাঁটি—বাহরাইনের দুটি, জর্ডানের একটি এবং কুয়েতের একটি।

সূত্র: রয়টার্স

সর্বশেষ

জনপ্রিয়