শুক্রবার ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৭, ২১ আগস্ট ২০২৬

জয়পুরে সিজেপি নেতাদের ওপর হামলা

জয়পুরে সিজেপি নেতাদের ওপর হামলা
ছবি: সংগৃহীত

ভারতের জয়পুরে সরকারি একটি স্কুলের পরিস্থিতি দেখতে গিয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন। 

শুক্রবার (২১ আগস্ট) জয়পুরের বাগরুর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় কয়েকজন কর্মী আহত হওয়ার পাশাপাশি গাড়ি ও মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগ উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সিজেপির সহ-প্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাগরুরের একটি সরকারি স্কুলের পরিস্থিতি দেখতে যায়। তারা গাড়িতে করে গ্রামের ভেতর দিয়ে যাওয়ার সময় একদল লোক তাদের গাড়ি ঘিরে ধরে।

এ সময় হামলাকারীরা সিজেপির নেতাকর্মীদের উদ্দেশে ‘শহুরে নক্সাল’, ‘জাতীয়তাবিরোধী’ ও ‘পাকিস্তানি’সহ বিভিন্ন স্লোগান দেয় বলে অভিযোগ করা হয়েছে। পরে সিজেপির কয়েকজন কর্মীকে মারধর করা হয়। ভাঙচুর করা হয় তাদের গাড়ি ও মোবাইল ফোন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্কুলটিতে না গিয়েই ফিরে আসতে হয় সিজেপির নেতাকর্মীদের।

সিজেপির সহ-প্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ওই সরকারি স্কুলটি একটি গোয়ালঘরে পরিচালিত হচ্ছে। গত বছরও তারা স্কুলটি পরিদর্শন করেছিলেন। শুক্রবারের সফরের বিষয়টি পুলিশকে আগেই জানানো হয়েছিল বলেও দাবি করেন তিনি।

সাংবাদিকদের রাঙ্কা বলেন, বিজেপির লোকজন আগে থেকেই সেখানে অবস্থান করছিলেন। তাদের স্বেচ্ছাসেবকদের মারধর, গাড়ি ও ফোন ভাঙচুর করা হয়েছে। এক নারী কর্মীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় তার শার্ট ছিঁড়ে ফেলা হয় এবং দলের এক সদস্যের হাত ভেঙে যায় বলেও দাবি করেন রাঙ্কা।

তিনি বলেন, এ ঘটনার জন্য গ্রামের সাধারণ মানুষকে দায়ী করা উচিত নয়। কারণ, গ্রামবাসীরাই তাদের ওই স্কুলের অবস্থা দেখতে আসার জন্য অনুরোধ করেছিলেন। তার অভিযোগ, বিজেপির এক কাউন্সিলর বাইরে থেকে লোকজন এনে হামলা চালিয়েছেন এবং হামলাকারীদের অর্থ দেওয়ার ঘটনাও তিনি দেখেছেন।

তবে সিজেপির এসব অভিযোগ অস্বীকার করেছেন জয়পুরের স্থানীয় বিজেপি নেতা ও বিধায়ক স্বামী বালমুখন্দ্রচার্য্য। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, গ্রামবাসীরাই সিজেপির সফরের বিরোধিতা করেছেন।

বিজেপির এই নেতা বলেন, গ্রামবাসীরা সিজেপির তৈরি করতে চাওয়া পরিবেশ পছন্দ করেন না। তার দাবি, সিজেপি শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।

ঘটনাটি নিয়ে সিজেপি ও বিজেপির পাল্টাপাল্টি অভিযোগে জয়পুরের বাগরুর এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।

সূত্র: এনডিটিভি

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়