বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রাহায়ণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:৩১, ২৬ নভেম্বর ২০২৬

পাকিস্তানে নতুন প্রদেশ গড়তে চান আসিম মুনির

পাকিস্তানে নতুন প্রদেশ গড়তে চান আসিম মুনির
ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজনীতিকে আরও বিভক্ত করতে দেশটিতে নতুন প্রদেশ গড়তে চান ফিল্ড মার্শাল আসিম মুনির। তার মূল উদ্দেশ্য শরিফ ও জারদারি পরিবারের নেতৃত্বাধীন প্রধান রাজনৈতিক দলগুলোকে দুর্বল করা এবং সেনাবাহিনী ও নিজের ক্ষমতা বাড়ানো। পাকিস্তানের ভূকৌশলগত বিশ্লেষক মঈদ পীরজাদা এমনটাই মনে করেন।

এই বিশ্লেষকের মতে, সাবেক সামরিক শাসক জিয়াউল হক ও পারভেজ মোশাররফের মতো সামরিক উর্দি পরেই প্রেসিডেন্ট হওয়ার পথে এগোচ্ছেন আসিম মুনির। সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের বিদ্যমান চারটি প্রদেশের সংখ্যা বাড়িয়ে ১২টি করার বিতর্ক নতুন করে গুরুত্ব পেয়েছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিরোধ দেখা দিয়েছে। পাশাপাশি দেশটির সংবিধানের ২৩৯ অনুচ্ছেদ অনুযায়ী এ ধরনের পরিবর্তনে বড় ধরনের সাংবিধানিক বাধাও রয়েছে।

তবে শরিফ ও জারদারি পরিবার ভিন্ন কৌশলে মুনিরের এই উদ্যোগের বিরোধিতা করছে। আসিফ আলী জারদারি ও বিলাওয়াল ভুট্টো প্রকাশ্যে এর বিরোধিতা করছেন। অন্যদিকে নওয়াজ শরিফ নিয়েছেন সময়ক্ষেপণের কৌশল।

পাঞ্জাবের অনেক ক্ষুদ্র জাতিগোষ্ঠী নতুন প্রদেশ গঠনের উদ্যোগকে স্বাগত জানাতে পারে। তবে সিন্ধু প্রদেশে এর ফলে সহিংসতা, বিশৃঙ্খলা ও ব্যাপক অস্থিরতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আমির রানার মতে, প্রদেশগুলোর সীমানা পুনর্নির্ধারণের চেষ্টা করলে পাকিস্তানকে বড় ধরনের মূল্য দিতে হবে। দেশটিতে এমনিতেই রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা রয়েছে এবং রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক অবিশ্বাসও প্রকট। এমন পরিস্থিতি প্রশাসনিক পুনর্গঠনের জন্য অনুকূল নয়।

তিনি সতর্ক করে বলেন, প্রদেশগুলোর সীমানা পরিবর্তন নতুন রাজনৈতিক সংকট সৃষ্টি করতে পারে এবং এতে সমাজে বিদ্যমান বিভাজন আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে। পাকিস্তানে বিভিন্ন জাতিগত ও আঞ্চলিক জনগোষ্ঠীর মধ্যে ইতিমধ্যে বিভেদ বাড়ছে, যার মধ্যে পশতুন ও বেলুচ এবং সিন্ধি ও পাঞ্জাবিদের মধ্যকার উত্তেজনা উল্লেখযোগ্য। রানার ধারণা, পাকিস্তানের সামরিক ক্ষমতাকাঠামো নতুন প্রদেশ গঠনের বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ হলেও এটি হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ উদ্যোগ। এ জন্য সামরিক নেতৃত্বকে বড় ধরনের রাজনৈতিক মূল্য দিতে হতে পারে।