সোমবার ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

সংবাদ প‌রিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১০:৩১, ১৬ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রী দিনাজপুর যাচ্ছেন আজ

প্রধানমন্ত্রী দিনাজপুর যাচ্ছেন আজ
ছবি: সংগৃহীত

দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ সোমবার (১৬ মার্চ) দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম জেলা সফর।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি দিনাজপুরের বিরামপুর উপজেলায় একটি নির্বাচনি জনসভায় অংশ নিয়েছিলেন তিনি। এছাড়া ২০০৫ সালে খানসামা ও বীরগঞ্জ উপজেলাকে সংযোগকারী জিয়া সেতুর উদ্বোধন উপলক্ষে দিনাজপুর সফর করেছিলেন তারেক রহমান।

সফরসূচি অনুযায়ী, সোমবার সকাল সোয়া ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

বেলা সাড়ে ১১টায় সেখানে সাহাপাড়া খাল খননের মাধ্যমে সারা দেশে ৫৩টি স্থানে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। উদ্বোধন শেষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করবেন এবং পরে একটি জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

এরপর বেলা সাড়ে তিনটায় দিনাজপুর উপশহর এলাকায় ফরিদপুর কবরস্থানে নানা-নানি, খালাসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন। বিকেল পাঁচটায় শহরের গোর-এ-শহীদ বড় ময়দানে দিনাজপুরের সুধী সমাবেশ শেষে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেবেন। সন্ধ্যা পৌনে সাতটায় দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দিনাজপুর জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। একইসঙ্গে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ বলেন, প্রায় ২০ বছর পর প্রধানমন্ত্রী তার স্মৃতিবিজড়িত এলাকা দিনাজপুরে আসছেন। দিনাজপুরবাসীসহ আমরা দলীয় নেতাকর্মীরা খুবই আনন্দিত। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দেশের মানুষের কল্যাণ ও উন্নয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধন করছেন এবং গুরুত্ব বিবেচনায় দিনাজপুর থেকেই কাজটি শুরু হচ্ছে, এটি ভালো লাগার বিষয়।

এ বিষয়ে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী যেসব ভেন্যুতে কর্মসূচি পালন করবেন, সেসব এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এসএসএফের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি।