সোমবার ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০০:৫৪, ১৬ মার্চ ২০২৬

আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাপ্রধান

আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাপ্রধান
ছবি: সংগৃহীত

কুমিল্লা আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ওয়াকার-উজ-জামান। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে রোববার (১৫ মার্চ) এক সংক্ষিপ্ত সফরে তিনি কুমিল্লা সেনানিবাস পরিদর্শন করেন।

অনুষ্ঠানে সেনাপ্রধান তাঁর বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত কুমিল্লা আর্মি মেডিকেল কলেজ এবং নির্মাণাধীন আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল দেশের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও চিকিৎসাখাতের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

উল্লেখ্য, ২০১৪ সালের ১১ জানুয়ারি কুমিল্লা সেনানিবাস-এর নিজস্ব ৫ একর জমির ওপর কুমিল্লা আর্মি মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। রোববার সেনাপ্রধান সেনানিবাসের সন্নিকটে ৭.০৭ একর জমির ওপর নিজস্ব অর্থায়নে নির্মিত কলেজটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বর্তমানে কলেজটিতে ২৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ছয়টি ব্যাচ থেকে মোট ২৮৩ জন শিক্ষার্থী সাফল্যের সঙ্গে চিকিৎসক হিসেবে উত্তীর্ণ হয়ে দেশ-বিদেশে কর্মরত রয়েছেন। এছাড়াও, আগামী শিক্ষাবর্ষ থেকে কলেজটির স্থায়ী ক্যাম্পাসে বিদেশি শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে, যা প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃত করবে।

অনুষ্ঠানে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, ডাইরেক্টর জেনারেল অব মেডিকেল সার্ভিসেস, ইঞ্জিনিয়ার ইন চিফ, অ্যাডজুটেন্ট জেনারেল, ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার, এরিয়া কমান্ডার, সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মরত ব্যক্তিবর্গ, অধ্যয়নরত শিক্ষার্থী এবং গণমাধ্যমের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

সর্বশেষ