সোমবার ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৩, ১৬ মার্চ ২০২৬

ঈদযাত্রায় ভাড়া বেশির নজির পাওয়া যায়নি, কোথাও কোথাও কম নেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী

ঈদযাত্রায় ভাড়া বেশির নজির পাওয়া যায়নি, কোথাও কোথাও কম নেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিভিন্ন কাউন্টারে নির্ধারিত বা তার চেয়েও কম ভাড়ায় টিকিট বিক্রির তথ্য পাওয়া গেছে, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং বাস কাউন্টারগুলোর টিকিট বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করেন। 

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করতে ঢাকার মহাখালী বাস টার্মিনালের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

পরিদর্শনকালে তিনি নারী যাত্রীদের সুবিধার্থে একটি নারী বান্ধব পিংক অনন্যা টয়লেট উদ্বোধন করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

পরিদর্শনকালে তিনি বলেন, মহাখালী বাস টার্মিনাল অন্যতম ব্যস্ততম টার্মিনাল। ঈদযাত্রা উপলক্ষে এখানে যাত্রীচাপ রয়েছে এবং তা আরও বাড়তে পারে। 

প্রশাসন সরেজমিনে তদারকি করছে, যাতে যাত্রীরা নির্ধারিত ভাড়ায় টিকিট পান এবং বাসস্ট্যান্ডে শৃঙ্খলা বজায় থাকে। 

বিভিন্ন কাউন্টারে নির্ধারিত বা তার চেয়েও কম ভাড়ায় টিকিট বিক্রির তথ্য পাওয়া গেছে, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যায়নি।

শেখ রবিউল আলম বলেন, যাত্রীরা নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণভাবে যাতায়াত করতে পারছেন। অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং তিনি আরও বলেন, কেউ নিয়ম ভাঙলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পর্যাপ্ত জ্বালানি তেলের সরবরাহ এবং ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ রাখতে মনিটরিং চলছে, যাতে ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার মো. সরওয়ার ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।

সর্বশেষ