শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১০:৫৬, ২০ মার্চ ২০২৬

শেষ মুহূর্তে ট্রেনে ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষ

শেষ মুহূর্তে ট্রেনে ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষ
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে শেষ মুহূর্তে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন কর্মজীবী মানুষ। 

শুক্রবার (২০ মার্চ) ভোর থেকেই রেল, সড়ক ও নৌপথে বাড়ির পথে রওনা হয়েছেন হাজারো যাত্রী। তবে গত কয়েক দিনের তুলনায় আজ যাত্রীদের চাপ কিছুটা কম লক্ষ্য করা গেছে।

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, আগের দিনের তুলনায় যাত্রীসংখ্যা কিছুটা কম। কিশোরগঞ্জগামী ‘এগারসিন্দুর প্রভাতী’ ট্রেনের যাত্রী ও সবজি বিক্রেতা আতাউর রহমান জানান, তিনদিন আগে আনা সবজি গতকাল দুপুরেই বিক্রি শেষ হয়েছে। তিনি বলেন, “সবচেয়ে ভালো লাগছে, ট্রেন অনেকটাই ফাঁকা—কোনো ভোগান্তি নেই।” অন্যান্য প্ল্যাটফর্মেও যাত্রী উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে।

অন্যদিকে রাজধানীর গাবতলী, মহাখালীসহ বিভিন্ন বাস টার্মিনালেও যাত্রীদের চলাচল রয়েছে, তবে আগের দিনের মতো তীব্র ভিড় নেই। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সড়কেও যানবাহনের চাপ কম থাকায় যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক।

এদিকে, বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। আগামীকাল শনিবার (২১ মার্চ) থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে এবং এদিন সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।