হাদি জামায়াতের প্রোডাক্ট: আসামি ফয়সাল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যা নিয়ে প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন মামলার অন্যতম প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ। তার দাবি, এই হত্যাকাণ্ড জামায়াত-বিএনপির চাল হতে পারে।
রোববার (২২ মার্চ) পশ্চিমবঙ্গের একটি আদালতে তোলার সময় সংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ফয়সাল।
এসময় ওসমান হাদিকে জামায়াতের প্রোডাক্ট বলেও মন্তব্য করেন তিনি।
এদিন হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গের স্থানীয় আদালতে পাঠানো হয়। ১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে উত্তর চব্বিশ পরগনা জেলার বিধাননগর মহকুমার বিশেষ আদালতে তোলা হয় তাদের।
এ সময় হাদি হত্যা বিষয়ে প্রশ্ন করা হলে ফয়সাল বলেন, ‘আমি এই কাজ করিনি। এটি জামায়াত-বিএনপির চাল হতে পারে।’
তবে জামায়াতের কে এর সঙ্গে জড়িত এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘সেটা তো আমি জানি না।’
ফয়সাল আরও বলেন, ‘আপনারা যে হাদি হাদি করছেন, বাংলাদেশের মানুষ যে হাদি হাদি করছে, হাদি তো জামায়াতের প্রোডাক্ট।’
হাদি হত্যাকাণ্ডের সময় আপনি বাংলাদেশে ছিলেন কি না, এর উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ ছিলাম।’



























