ঈদগাহে চাঁদা উত্তোলনের অভিযোগে যুবদল নেতাকে গণপিটুনি
পঞ্চগড়ের দেবীগঞ্জে ঈদুল ফিতরের নামাজ শেষে ঈদগাহে চাঁদা উত্তোলনের অভিযোগে এক যুবদল নেতাকে গণপিটুনি দেওয়া হয়েছে।
শনিবার দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বিলাসী এলাকায় এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, উত্তেজিত জনতা ও ঈদের জামাতে আশা মুসল্লিরা বিটুল নামে এক যুবককে ধাওয়া করে গণপিটুনিও দিচ্ছে। পরে ওই যুবক পাশে থাকা একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন।
অভিযোগ উঠেছে ঈদগাহের পাশে বসা অস্থায়ী দোকানগুলো থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে চাঁদা উত্তোলনে যায় বিটুলসহ কয়েক যুবক।
দোকানদারদের দাবি, তাদের কাছ থেকে মাত্রাতিরিক্ত চাঁদা দাবি করা হয়। প্রতিটি দোকান থেকে ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত চাঁদা দাবি ও অনেকের কাছ থেকে তা আদায়ও করা হয়। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ব্যবসায়ীরাসহ স্থানীয়রা। এই সময় চাঁদা দিতে না চাওয়ায় বেশ কয়েকটি দোকান ভাঙচুর ও মালামাল লুট করা হয় বলেও জানান ভুক্তভোগীরা।
বাগ্বিতণ্ডার একপর্যায়ে বিটুলকে ধাওয়া করে উপস্থিত লোকজন গণপিটুনি দেয়। এই সময় দুই-একজন তাকে রক্ষার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরে বিদ্যালয়ের পার্শ্ববর্তী এক বাড়িতে দৌড়ে গিয়ে আশ্রয় নেন বিটুল।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, বিটুল টেপ্রীগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে বিএনপির সাবেক ইউনিয়ন কমিটির এক নেতা বলছেন, বিটুল কমিটির সাধারণ সদস্য।
দেবীগঞ্জ থানার ওসি কেএম মনিরুজ্জামান চৌধুরী বলেন, ‘ঈদ উপলক্ষে অস্থায়ী দোকান থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য চাঁদা আদায়কে কেন্দ্র করে ঘটনাটি ঘটে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’



























