বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ঈদের ছুটির পর এটি ছিল প্রথম কর্মদিবস এবং সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সচিব, পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে পূর্ব নির্ধারিত কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ ও নির্দেশনায় কোরিয়া, জাপান, চীন ও জার্মানিসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যাওয়া শিক্ষার্থীদের জন্য এই ঋণ সুবিধা চালু করা হবে। এই ঋণ কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংককে নির্ধারিত প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং এর প্রভাব নিয়েও আলোচনা হয়। প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার। বর্তমান সংকটের কারণে কিছু চ্যালেঞ্জ তৈরি হলেও ভবিষ্যতে সেখানে নতুন সুযোগও সৃষ্টি হতে পারে। বিশেষ করে যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণের কাজ শুরু হলে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে ভাষাগত দক্ষতার গুরুত্ব অপরিসীম। অনেক সময় ভাষা না জানার কারণে বাংলাদেশি কর্মীরা কম বেতনের চাকরিতে সীমাবদ্ধ থাকে। তাই প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শেখার ওপর জোর দিয়েছেন, যাতে দেশের শ্রমিকরা উন্নত বেতনের সুযোগ পেতে পারে।



























