কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক
রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করেছে পুলিশ।
রোববার (২৯ মার্চ) শাহ আলী থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম।
ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা জানান, আর এস ফাহিমের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড এবং সাম্প্রতিক ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান বা উসকানিমূলক ভূমিকার অভিযোগে তাকে আটক করা হয়। পরে তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন।
শিক্ষার্থীদের দাবি, তারা ফাহিমকে নিজেদের হেফাজতে রেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের হেফাজতে নেয়।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমেও আর এস ফাহিমকে আটকের খবর দ্রুত ছড়িয়ে পড়েছে।
ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, “মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে স্থানীয় জনতা তাকে আটকে রেখেছিল। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে জুলাইয়ের ঘটনাবলি ঘিরে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে।”



























