বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৭, ১৭ জুন ২০২৬

পাচার বন্ধ করতে পারলে অর্থের কোনো অভাব হবে না : প্রধানমন্ত্রী

পাচার বন্ধ করতে পারলে অর্থের কোনো অভাব হবে না : প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও পাচার বন্ধ করতে পারলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি পরিচালনায় অর্থের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজার শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, আমরা দেখেছি কিভাবে জনগণের অর্থ বিগত এক যুগ ধরে, ১৭ বছর ধরে এই দেশ থেকে পাচার হয়ে গেছে। জনগণের অর্থ জনগণকে না দিয়ে একটি দল বিদেশে পাচার করে দিয়েছিল। এই জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা।

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির অর্থের উৎস নিয়ে বিভিন্ন মহলের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ করছে।

নারীরা স্বাবলম্বী না হলে দেশের উন্নয়ন সম্ভব না। তাই সরকার নির্বাচিত হয়ে নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিচ্ছে। যারা বিভ্রান্তি ছড়াতে চায়, তারা বলে ফ্যামিলি কার্ডের টাকা কোথা থেকে আসবে। জনগণের টাকা আর পাচার হতে দেওয়া হবে না।

রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও পাচার বন্ধ করতে পারলে এই কার্যক্রম পরিচালনায় অর্থের কোনো অভাব হবে না।
চলতি বাজেটকে ‘গণবিরোধী’ আখ্যা দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, যে বাজেটে নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, শিক্ষা খাতে বরাদ্দ এবং ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করা হয়েছে, সেই বাজেটকে যাঁরা জনবিরোধী বলছেন, তাঁরা কখনো জনগণের বন্ধু হতে পারেন না।

তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের ৪০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড এবং ৪০ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়