প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানী মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করার দায়ে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সম্পাদক ও বার্তা সম্পাদকসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে বগুড়ায় মানহানী মামলা দায়েরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব সহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছে সাংবাদিকরা৷
সংবাদ প্রকাশের ফলে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মানহানী হয়েছে এমন অভিযোগে আদালতের শুনানী শেষে বগুড়া সদর থানায় বাদী হয়ে মামলাটি করেন তানভীর আলম রিমন নামে এক ব্যক্তি৷
এতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, স্টাফ রিপোর্টার সালেহ কায়সার ও বগুড়া জেলা প্রতিনিধি শামস মাহমুদ তুষারকে বিবাদী করা হয়।
ওদিকে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে হওয়া এ মামলাকে হয়রানিমূলক দাবি করে আজ ১৭ জুন বিকেলে জাতীয় প্রেসক্লাব সহ চট্রগ্রাম, বরিশাল,সিলেট, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জেও মানববন্ধন করেছে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা৷
মানববন্ধনগুলোতে বক্তব্য রাখা সাংবাদিক নেতারা বলেন, ১৬ ই জুনকে যখন সংবাদপত্রের জন্য কালো দিবস হিসেবে বিএনপি সরকার রাষ্ট্র্রীয়ভাবে পালন করছিলো ঠিক একই দিন বিএনপি সরকারেরই চরম বিতর্কিত প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা ৪ সাংবাদিকের নামে ক্ষমতার অপব্যবহার করে হয়রানিমূলক মামলা করিয়ে খোদ সরকারের নীতিরই বিরোধিতা করেছে। বর্তমান সরকার প্রায় প্রতিদিনই গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে আসলেও বিতর্কিত প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই হয়রানিমূলক মামলার মাধ্যমে বেছে নিয়েছেন গণমাধ্যমকে দমন পীড়নের নীতি। প্রতিমন্ত্রীর এমন বেপরোয়া কর্মকান্ডের দায় সরকারকে নিতে হবে। এসময় বক্তারা অবিলম্বে ভুক্তভোগী ৪ সাংবাদিকের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।



























