পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
বুধবার বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক বিশেষ দাপ্তরিক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে সম্পূর্ণ জনস্বার্থে জারিকৃত এই নতুন বদলির আদেশ আগামী ১ জুলাইয়ের মধ্যে অবশই কার্যকর করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আগামী ২ জুলাই থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।প্রশাসনিক এই আদেশটি অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সকল ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তানভীর হোসেনকে স্পেশাল ব্রাঞ্চে বা এসবি এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকারকে খুলনা মেট্রোপলিটন পুলিশে পাঠানো হয়েছে।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমিকে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নড়াইল সদর সার্কেলে বদলি করা হয়েছে। ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সায়েম ইউসুফকে পুলিশ হেডকোয়ার্টার্সে এবং ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পহন চাকমাকে নওগাঁ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মশিয়ার রহমানকে রাঙ্গামাটির ১৮ এপিবিএনে বদলি করা হয়েছে।
এছাড়া সাতক্ষীরার তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নূরুল্লাহকে চুয়াডাঙ্গার দামুড়হুদা সার্কেলে এবং পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার ফারহান-উল-ইমামকে ঢাকা পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার এস এম মাহবুবুল আলমকে সিআইডিতে এবং র্যাবের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জিয়া লতিফুল ইসলামকে রংপুর মেট্রোপলিটন পুলিশে পদায়ন করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ আব্দুর রাজ্জাককে সিআইডিতে বদলি করা হয়েছে। পুলিশ প্রশাসনের দক্ষতা বৃদ্ধি ও মাঠ পর্যায়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করার রুটিন ওয়ার্কের অংশ হিসেবে এই রদবদল করা হয়েছে বলে জানা গেছে।



























