বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:৩১, ৮ জুলাই ২০২৬

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা: তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের জন্য বার কাউন্সিলের আদলে নিবন্ধন ব্যবস্থা চালু এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইন যুগোপযোগী করে প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

জহির উদ্দিন স্বপন বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারিত্ব, জবাবদিহিতা ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার বা অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না।

তিনি জানান, প্রস্তাবিত সংশোধনীতে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা, মিথ্যা, হয়রানিমূলক ও নীতিবিরোধী সংবাদ প্রকাশের ক্ষেত্রে আর্থিক জরিমানার বিধান এবং গুজব, ভুয়া খবর, ঘৃণামূলক বক্তব্য বা জাতীয় স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের ঘটনায় প্রেস কাউন্সিলকে স্বপ্রণোদিত হয়ে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়ার প্রস্তাব রয়েছে।

চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলামের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, নবম সংবাদপত্র মজুরি বোর্ডের গেজেট প্রকাশের দিন থেকেই বাস্তবায়ন শুরু হয়েছে। তবে সাংবাদিক ও সংবাদপত্র মালিকপক্ষের আয়কর-সংক্রান্ত মতপার্থক্য এবং উচ্চ আদালতে চলমান কয়েকটি রিট মামলার কারণে ওয়েজ বোর্ড পুরোপুরি কার্যকর হয়নি।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে তিনি জানান, ডিজিটাল সম্প্রচার ব্যবস্থা, অনলাইন ও ওটিটি প্ল্যাটফর্মের বিস্তার এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রাখতে ইলেকট্রনিক মিডিয়ায় বিজ্ঞাপন প্রচারসংক্রান্ত নীতিমালা পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের বিষয়টি সরকার বিবেচনা করছে।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য আরিফা সুলতানার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পডকাস্ট, ব্লগিং ও ইনফ্লুয়েন্সারভিত্তিক ডিজিটাল কনটেন্টের ক্ষেত্রে প্রচলিত আইন ও নীতিমালার আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মতপ্রকাশের স্বাধীনতা ও জনস্বার্থের মধ্যে ভারসাম্য রেখে যুগোপযোগী নীতিগত কাঠামো প্রণয়নের বিষয়টিও পর্যালোচনায় রয়েছে।

যশোর-৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলীর প্রশ্নের জবাবে তিনি জানান, দেশে বর্তমানে মোট ৩ হাজার ৩৩৮টি নিবন্ধিত পত্রিকা রয়েছে। এর মধ্যে দৈনিক ১ হাজার ৪৩৬টি, সাপ্তাহিক ১ হাজার ২৩১টি, মাসিক ৪৫২টি, পাক্ষিক ২১৫টি এবং অর্ধ-সাপ্তাহিক, দ্বিমাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক ও বার্ষিক পত্রিকা রয়েছে ৫৪টি।

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকতার নীতি-নৈতিকতাবিরোধী সংবাদ প্রচারের অভিযোগে কেউ প্রেস কাউন্সিলে অভিযোগ করলে শুনানিতে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সতর্ক, ভর্ৎসনা বা তিরস্কার করার বিধান রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়