৬ উইকেট শিকারের পুরস্কার পেলেন নাহিদ রানা
জিম্বাবুয়ের বিপক্ষে আগুনঝরা বোলিংয়ে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে নতুন রেকর্ড গড়েছিলেন নাহিদ রানা। সেই দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও মিলেছে হাতেনাতে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে ক্যারিয়ারের সেরা অবস্থানে পৌঁছে ১২ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের এই তরুণ গতিতারকা।
বুধবার প্রকাশিত আইসিসির হালনাগাদ ওয়ানডে র্যাঙ্কিংয়ে দেখা যায়, জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড গড়া ৬ উইকেট শিকারের সুবাদে বড় ধরনের উন্নতি হয়েছে নাহিদ রানার। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সেরা বোলিং স্পেল উপহার দেওয়া এই পেসার এখন বিশ্বের সেরা বোলারদের কাতারে আরও শক্ত অবস্থান তৈরি করেছেন।
তবে বাংলাদেশের অন্য বোলারদের জন্য র্যাঙ্কিংয়ের খবর তেমন সুখকর নয়। দেশের শীর্ষ র্যাঙ্কধারী বোলার মেহেদী হাসান মিরাজ এক ধাপ পিছিয়ে নবম স্থানে নেমে গেছেন।
এছাড়া শরিফুল ইসলাম তিন ধাপ পিছিয়ে ২১তম, মোস্তাফিজুর রহমান চার ধাপ পিছিয়ে ২৭তম এবং রিশাদ হোসেন আট ধাপ পিছিয়ে ৭৩তম স্থানে অবস্থান করছেন। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি উইকেট নেওয়া তাসকিন আহমেদ ২৯তম স্থান ধরে রেখেছেন।
ব্যাটিং বিভাগে বাংলাদেশের চিত্র আরও হতাশাজনক। জিম্বাবুয়ের দেওয়া ১৪২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে গিয়ে ২৫ রানে হারের প্রভাব পড়েছে ব্যাটারদের র্যাঙ্কিংয়েও। গত এক সপ্তাহে বাংলাদেশের কোনো ব্যাটারই র্যাঙ্কিংয়ে উন্নতি করতে পারেননি।
বরং অবনতি হয়েছে একাধিক ব্যাটারের। তানজিদ হাসান তামিম এক ধাপ পিছিয়ে ৩৮তম, লিটন দাস এক ধাপ পিছিয়ে ৬১তম, সৌম্য সরকার পাঁচ ধাপ পিছিয়ে ৭০তম এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ চার ধাপ পিছিয়ে ৭২তম স্থানে নেমে গেছেন। তবে তাওহীদ হৃদয় (২০তম) ও নাজমুল হোসেন শান্ত (৩০তম) নিজেদের অবস্থান ধরে রেখেছেন।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও বাংলাদেশের খুব একটা অগ্রগতি নেই। তবে জিম্বাবুয়ের বিপক্ষে স্মরণীয় পারফরম্যান্সের সুবাদে নাহিদ রানা এই তালিকাতেও ৩১ ধাপ এগিয়ে ৬৬তম স্থানে উঠে এসেছেন।



























