বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৬, ১৫ জুলাই ২০২৬

শিক্ষার্থীদের সচিবালয় অভিমুখী লংমার্চ আটকে দিল পুলিশ

শিক্ষার্থীদের সচিবালয় অভিমুখী লংমার্চ আটকে দিল পুলিশ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের পদত্যাগ এবং চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার সূচি পরিবর্তনের দাবি আদায়ে শিক্ষার্থীদের সচিবালয় অভিমুখী লংমার্চ আটকে দিয়েছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) বিকাল ৪টার দিকে ঢাকার আব্দুল গণি রোডের মুখে শিক্ষা ভবনের সামনে ব্যারিকেড দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের আটকে দেওয়া হয়। এসব শিক্ষার্থী সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন। 

এসময় প্রতিটি ভেরি গেটের সঙ্গে শিকলসহ তালা লাগিয়ে দেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। সড়কের দুই পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শিক্ষার্থীরা ব্যারিকেডের কাছে এলে সাংবাদিকরা কয়েকজনের পরিচয় জিজ্ঞেস করে। এ ঘটনায় শিক্ষার্থীরা সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

‎এদিকে গত দুদিনের মতো আজও এইচএসসি পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা রাজধানীর উত্তরা, সায়েন্স ল্যাব মোড় এবং মিরপুরসহ বিভিন্ন সড়কে আন্দোলন শুরু করেন। এতে ওইসব এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

তবে ঘণ্টাখানেক আগে উত্তরায় সড়ক অবরোধ তুলে নিয়েছেন আন্দোলরত শিক্ষার্থীরা। তারাও শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে রওনা হয়েছেন। ফলে বর্তমানে উত্তরার সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে সোমবার (১৪ জুলাই) রাজধানীর সায়েন্সল্যাব মোড়, মিরপুর ও উত্তরাসহ দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। 

মঙ্গলবারের মধ্যে পরীক্ষা স্থগিতের ঘোষণা না আসায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ (বুধবার) লং মার্চের ডাক দেওয়া হয়। সেই মতোই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শিক্ষা ভবনের দিকে রওনা হন শিক্ষার্থীরা।

জনপ্রিয়