৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। হত্যাকাণ্ডের প্রায় ৪৫ বছর পর তাকে আটক করা হলো।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ডিবি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে বুধবার (১৫ জুলাই) রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বলেন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরও জানান, এ বিষয়ে বিস্তারিত জানাতে বিকেলে সংবাদ সম্মেলন করা হতে পারে।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক অভ্যুত্থানচেষ্টার সময় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। ওই হত্যাকাণ্ডের পর থেকেই মেজর মোজাফফর হোসেন পলাতক ছিলেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি।



























