বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:২৯, ১৩ আগস্ট ২০২৬

বিএনপির সব পদ ছাড়লেন মির্জা ফখরুল

বিএনপির সব পদ ছাড়লেন মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত করেন।

বৈঠক শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ তথ্য জানান। রিজভী জানান, রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় মির্জা ফখরুল বিএনপির মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবারই মির্জা ফখরুলের পক্ষে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল প্রার্থী হওয়ায় দীর্ঘদিনের দলীয় নেতৃত্বে বড় পরিবর্তনের সূচনা হলো। ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান তিনি। ২০১৬ সালের জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে দলের মহাসচিব নির্বাচিত হন। দীর্ঘ সময়ে তিনি বিএনপির অন্যতম শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

দলের দুই শীর্ষ নেতা খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং তারেক রহমানের লন্ডনে অবস্থানের সময় বিএনপির সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে তিনি একাধিকবার কারাবরণ করেন।

রাজনৈতিক অঙ্গনে মির্জা ফখরুল একজন অভিজ্ঞ ও তুলনামূলকভাবে সংযত নেতা হিসেবে পরিচিত। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের সংকটময় সময়ে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন তিনি।

রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হবে। এরপর ওই আসনে উপনির্বাচন হবে।

জনপ্রিয়