সৌদির সঙ্গে সপ্তাহে ৮৪ যাত্রীবাহী ফ্লাইট, বাড়ছে কার্গো সুবিধা
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে নতুন সমঝোতা স্মারকের (MoU) আওতায় সপ্তাহে যাত্রীবাহী ফ্লাইটের অনুমোদিত সংখ্যা ৪৯ থেকে বাড়িয়ে ৮৪ করা হয়েছে। পাশাপাশি সপ্তাহে ২১টি কার্গো ফ্লাইট, পঞ্চম স্বাধীনতা ট্রাফিক অধিকার, কোড-শেয়ারিং, কো-টার্মিনালাইজেশন ও উড়োজাহাজ লিজিংয়ের সুযোগ রাখা হয়েছে।
বৃহস্পতিবার বেবিচক সদর দপ্তরে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক এ তথ্য জানান।
নতুন সমঝোতায় অতিরিক্ত ৩৫টি যাত্রীবাহী ফ্লাইটের সুযোগ তৈরি হওয়ায় হজ-ওমরাহযাত্রী ও সৌদি আরবে বসবাসরত প্রায় ৪০ লাখ বাংলাদেশি উপকৃত হবেন বলে জানান তিনি। এতে আসনসংকট কমার পাশাপাশি বিমানভাড়ায় প্রতিযোগিতা বাড়ার সম্ভাবনাও রয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে সরাসরি যোগাযোগ সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। সপ্তাহে ২১টি কার্গো ফ্লাইটের মাধ্যমে তৈরি পোশাক, কৃষিপণ্যসহ রপ্তানিপণ্য পরিবহনও বাড়বে।
বেবিচক চেয়ারম্যান বলেন, নতুন সমঝোতা দুই দেশের যাত্রী ও কার্গো যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য এবং এয়ারলাইন সহযোগিতা জোরদারের পাশাপাশি বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন ও কার্গো হাব হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



























