বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৪, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের সাবেক এসপিসহ দুই পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

নারায়ণগঞ্জের সাবেক এসপিসহ দুই পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
ছবি: সংগৃহীত

অসদাচরণ ও বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় নারায়ণগঞ্জের সাবেক পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এবং অতিরিক্ত পুলিশ সুপার হাসান আরাফাতকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা ও শৃঙ্খলা অনুবিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকা নারায়ণগঞ্জের সাবেক পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল গত ৩১ মার্চ ২০২৫ থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির বিষয়ে হোয়াটসঅ্যাপ, ডাক ও ই-মেইলে নোটিশ পাঠানো হলেও তিনি কোনো লিখিত জবাব দেননি এবং কর্মস্থলেও যোগ দেননি।

পরে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা (০২৫/২০২৫) করা হয়। তদন্তে তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শে রাষ্ট্রপতি তার বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করেন। এরপর তাকে ৩১ মার্চ ২০২৫ থেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

অন্যদিকে, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত সাময়িক বরখাস্ত অতিরিক্ত পুলিশ সুপার হাসান আরাফাত, যিনি বর্তমানে সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, গত ১৯ অক্টোবর ২০২৪ থেকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তির আবেদন করেন।

তদন্তে ওই সময়ে হাসপাতালে তার ভর্তির কোনো তথ্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া টানা অনুপস্থিত থাকা এবং পাঠানো কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা (০০৪/২০২৫) করা হয়।

তদন্তে হাসান আরাফাতের বিরুদ্ধেও ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হয়। পরে পিএসসির সুপারিশক্রমে তাকে ১৯ অক্টোবর ২০২৪ থেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সিদ্ধান্তগুলো অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়