ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে সবচেয়ে বেশি ৫৬ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া পরিস্থিতি বিবেচনায় আরও চার প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, গাজীপুরে ১৯ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৮ প্লাটুন এবং কক্সবাজারে ৭ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি অতিরিক্ত চার প্লাটুন সদস্য যেকোনো প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা এসব সদস্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।
মোতায়েন করা বিজিবি সদস্যরা গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি চালাচ্ছেন। একই সঙ্গে বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে—এমন কর্মকাণ্ড প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছেন।
এদিকে মাঠপর্যায়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও দায়িত্ব পালনে সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি করা হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরাসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তির মাধ্যমে সংগৃহীত সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজিবি জানায়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম সচল রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত রয়েছে।



























