ঘোষণার ১ ঘন্টার মধ্যেই গোপালগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচি বাতিল এনসিপির
জুলাই গণআন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিলেও গোপালগঞ্জ জেলায় কর্মসূচি করছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এর আগে শনিবার (৪ জুলাই) গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় পদযাত্রার কর্মসূচি ঘোষণা করে এনসিপি। তবে ঘোষণার এক ঘণ্টা পরই গোপালগঞ্জের কর্মসূচি বাতিল করেছে দলটি।
এদিন রাজধানীর বাংলামোটরের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আগামী ৬ জুলাই গাজীপুরের কালীগঞ্জ থেকে আনুষ্ঠানিকভাবে পদযাত্রার উদ্বোধন হবে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।



























