রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২২:২৫, ২১ নভেম্বর ২০২৬

ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার

ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার
ছবিঃ সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কর্মকর্তাদের মারধর ও হেনস্তার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে এসেছে। এ ঘটনায় সংগঠনের ১৩ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। শনিবার পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত ১৩ জনের মধ্যে ১২ জনকে সংগঠনে নিষ্ক্রিয় থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন সহসভাপতি মো. রাকিবুল ইসলাম ও মো. আসিক উজ্জামান, আব্দুল্লাহ হিল আদিব, মো. সুজন ও সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ও আরমান হোসেন, সহ-সাধারণ সম্পাদক হাসিবুর রহমান শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ তাকবীর আহমেদ সিয়াম, সহ-আইন সম্পাদক মো. রাকিব, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হৃদয় তালুকদার এবং আপ্যায়ন সম্পাদক মো. নজরুল ইসলাম সোহাগ। অপর বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিবকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে ছাত্রদলের নেতা-কর্মীরা আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর করেন। পরে তাঁদের প্রক্টরের দপ্তরে এবং রাতে বন্দর থানায় হস্তান্তর করা হয়। থানায় মুচলেকা দিয়ে ওই পাঁচ কর্মকর্তা মুক্তি পান।

পরদিন বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক হুমায়ুন কবীরকে দপ্তর থেকে বের করতে যাওয়ার সময় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে বলে সূত্রগুলো জানিয়েছে।

সূত্রের দাবি, হুমায়ুন কবীরের ছেলে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জুলফিকার নাইন এবং ছাত্রদলের সদ্য বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিব ঘনিষ্ঠ বন্ধু। এ সম্পর্কের কারণে হুমায়ুন কবীরকে লাঞ্ছিত করতে যাওয়া ছাত্রদলের একটি পক্ষকে বাধা দেন সাকিব। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

এদিকে, উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদীনকেও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। সূত্রগুলো জানায়, আজমাইন সাকিবের অনুসারী ছাত্রদলের সহসভাপতি ইমরান হোসেন তাঁকে চেয়ার থেকে টেনেহিঁচড়ে লাঞ্ছিত করেন। এ সময় উপস্থিত অন্য ছাত্রদল নেতা-কর্মীরা ইমরানকে বাধা দেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শান্ত ইসলাম আরিফ বলেন, কমিটি গঠনের পর থেকে ১২ নেতা নিষ্ক্রিয় থাকায় কেন্দ্রীয় হাইকমান্ড তাঁদের বহিষ্কার করেছে। আর আজমাইন সাকিবকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কার করা হয়েছে। তিনি সংগঠনের জ্যেষ্ঠ এক নেতার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। কর্মকর্তাদের হেনস্তার ঘটনাকে মব হিসেবে উল্লেখ না করে শান্ত বলেন, আওয়ামী ফ্যাসিস্টের পক্ষে তৎপরতা চালানো কর্মকর্তাদের প্রতিহত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ বলেন, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক হুমায়ুন কবীরকে রক্ষা করতে গিয়ে সাকিব ফেঁসে গেছেন। বহিষ্কৃত অন্য ১২ নেতার চেয়ে সাকিব বেশি অপরাধ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদীন বলেন, তাঁকে অসম্মান করার উদ্দেশ্যেই হেনস্তা করা হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষক-কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতেও প্রশাসন সচেষ্ট রয়েছে। তবে কেউ ব্যক্তিগতভাবে নৈরাজ্যমূলক কর্মকাণ্ডে জড়ালে তার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে না। উপপ্রধান প্রকৌশলীকে হেনস্তার ঘটনা তিনি দেখেননি এবং এ বিষয়ে কোনো অভিযোগও পাননি বলে জানান প্রক্টর।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়