শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে সীমান্তে আ.লীগের চার নেতা
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পথ খুঁজতে ভারতে তৎপরতা শুরু করেছেন সেখানে অবস্থানরত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। এরই অংশ হিসেবে রোববার (২২ নভেম্বর) বাংলাদেশের বেনাপোল সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন দলটির শীর্ষস্থানীয় চার নেতা। সেখানে প্রায় দুই ঘণ্টা ধরে রুদ্ধদ্বার বৈঠকও করেন তারা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সীমান্ত এলাকা পরিদর্শনকারী নেতারা হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
হিন্দুস্তান টাইমস ও টিভি৯-এর প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে শুধু একটি পথের ওপর নির্ভর করতে চান না আওয়ামী লীগের নেতারা। এ কারণে বিকল্প পথও বিবেচনায় রাখা হচ্ছে। পেট্রাপোল সীমান্তের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকাও পর্যবেক্ষণের পরিকল্পনা রয়েছে তাদের।
প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, আগামী মঙ্গলবার আওয়ামী লীগের নেতাদের ত্রিপুরা সীমান্তে যাওয়ার কথা রয়েছে। পরদিন রাজ্যের মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত সড়কপথ ও সীমান্তবর্তী এলাকা ঘুরে দেখবেন তারা।
এদিকে নিউজ১৮ ও এই সময়-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানতে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কাছে অনুরোধ জানিয়েছে ভারত। তবে এ বিষয়ে ঢাকা থেকে ১০ দিনেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।



























