মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৫, ৪ আগস্ট ২০২৬

ভারত দলে ডাক পেলেন নবী

ভারত দলে ডাক পেলেন নবী
ছবি: সংগৃহীত

চোটের কারণে আসন্ন শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেছেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ। তার পরিবর্তে প্রথমবারের মতো জাতীয় টেস্ট দলে ডাক পেয়েছেন জম্মু ও কাশ্মীরের ২৯ বছর বয়সী ডানহাতি পেসার আকিব নবী।

দারুণ ফর্মে থাকা নবী গত দুই মৌসুমের রঞ্জি ট্রফিতে মোট ১০৪ উইকেট নিয়েছেন। এর মধ্যে ২০২৫-২৬ মৌসুমেই শিকার করেছেন ৬০ উইকেট, যা জম্মু ও কাশ্মীরকে ইতিহাসের প্রথম রঞ্জি ট্রফি শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সম্প্রতি শ্রীলঙ্কা সফর করা ভারত ‘এ’ দলের সদস্যও ছিলেন নবী। সেখানে দুটি প্রথম শ্রেণির ম্যাচে ছয় উইকেট নিয়েছিলেন তিনি।

ভারতের হয়ে এটি নবীর প্রথম ডাক। টেস্ট অভিষেকের সুযোগ পেলে জম্মু ও কাশ্মীর থেকে প্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়বেন তিনি।

সোমবার আনুষ্ঠানিকভাবে বুমরাহকে দল থেকে বাদ দেওয়া হয়। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে কার্ডিফে দ্বিতীয় ওয়ানডেতে বাঁ হাঁটুতে চোট পান তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই তার চোটের সমস্যা চলছিল এবং এখনো পুরোপুরি সেরে ওঠেননি। ভারতের দল মঙ্গলবার শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে।

এরই মধ্যে চোটের কারণে ভারতের বাইরে রয়েছেন হর্ষিত রানা ও নীতিশ কুমার রেড্ডিও। হ্যামস্ট্রিং চোটে প্রথমজন এবং কোয়াড্রিসেপসের চোটে দ্বিতীয়জন ছিটকে গেছেন। এছাড়া হ্যামস্ট্রিং সমস্যায় প্রথম টেস্ট খেলতে পারবেন না ওয়াশিংটন সুন্দর। পিঠের স্ট্রেস রিঅ্যাকশনের কারণে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে আছেন আকাশ দীপ।

নবীকে নিয়ে শ্রীলঙ্কা সফরে ভারতের পেস আক্রমণে থাকছেন মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা ও গুরনূর ব্রার।

আগামী ১৫ আগস্ট গলে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে ৭ আগস্ট থেকে কলম্বোয় তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।

শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের টেস্ট দল: শুভমান গিল (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্ত (উইকেটকিপার), বি সাই সুদর্শন, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুতার, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, গুরনূর ব্রার, আউকিব নবী, দেবদত্ত পাডিক্কল ও সারাংশ জৈন।

সর্বশেষ

জনপ্রিয়