মার্শাল আর্ট শেখানোর আড়ালে উগ্রবাদে উদ্বুদ্ধের অভিযোগ, গ্রেপ্তার ৬
রাজধানীতে মার্শাল আর্ট শেখানোর আড়ালে তরুণদের উগ্রবাদী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার অভিযোগে ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)-এর প্রধান প্রশিক্ষক শাহ আমানত সাবিরসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার (৫ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্যরা হলেন— হোসাইন তানিম, মো. জুনায়েদ, আতাউল্লাহ শাহ, মো. আবিদুর রহমান ও মো. বায়েজিত।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)-এর মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় তরুণদের উগ্রবাদী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এ বিষয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



























