মাশরাফির রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নাহিদ রানা
গতি, আগ্রাসন আর নিখুঁত লাইন-লেংথে হারারে স্পোর্টস ক্লাবকে যেন নিজের রাজ্যে পরিণত করলেন নাহিদ রানা। তরুণ এই পেসারের আগুনঝরা বোলিংয়ে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ের ব্যাটাররা। একের পর এক উইকেট তুলে নিয়ে শুধু স্বাগতিকদের ১৪১ রানে গুটিয়ে দেননি, গড়েছেন বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সেরা বোলিংয়ের নতুন রেকর্ডও।
হারারেতে প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। তবে শুরু থেকেই বাংলাদেশের পেস আক্রমণের সামনে চাপে পড়ে স্বাগতিকরা। বিশেষ করে নাহিদ রানার তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ৩৬.৪ ওভারে ১৪১ রানেই অলআউট হয় জিম্বাবুয়ে।
দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন নিউম্যান নিয়ামুরি। এছাড়া অন্য কোনো ব্যাটার উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি।
বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন নাহিদ রানা। ২১ রান খরচায় ৬ উইকেট শিকার করে তিনি ওয়ানডেতে বাংলাদেশের সেরা বোলিংয়ের নতুন রেকর্ড গড়েন।
এর আগে এই রেকর্ডটি যৌথভাবে ছিল মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেনের দখলে। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে ২৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন মাশরাফি। পরে ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে একই খরচায় ৬ উইকেট নিয়ে সেই রেকর্ডে ভাগ বসান রুবেল। নাহিদ এবার ২১ রানে ৬ উইকেট নিয়ে দুজনকেই ছাড়িয়ে গেলেন।
মাত্র ১৩ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটি নাহিদ রানার তৃতীয় পাঁচ উইকেট শিকার। বাংলাদেশের পেসারদের মধ্যে ওয়ানডেতে সর্বাধিক ফাইফারের তালিকায় এখন তার ওপরে রয়েছেন শুধু মোস্তাফিজুর রহমান। এই পারফরম্যান্সে বাংলাদেশের পেস আক্রমণের নতুন ভরসা হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করলেন ২২ বছর বয়সী এই গতিতারকা।



























