শনিবার ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:৩৯, ৩ জুলাই ২০২৬

নতুন নেতৃত্বে ‘লিও ক্লাব অব ঢাকা মেগা সিটি’

নতুন নেতৃত্বে ‘লিও ক্লাব অব ঢাকা মেগা সিটি’
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল-এর যুব অঙ্গসংগঠন লিও ক্লাব অব ঢাকা কমলাপুর ২০২৬–২০২৭ লিও বর্ষের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। দীর্ঘ ৫৪ বছরের সেবা, নেতৃত্ব ও সামাজিক উন্নয়নের ঐতিহ্যকে ধারণ করে নতুন কমিটি ক্লাবের কার্যক্রমকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে দায়িত্ব গ্রহণ করেছে।

১৯৭০-এর দশকের শুরুতে প্রতিষ্ঠিত লিও ক্লাব অব ঢাকা কমলাপুর বাংলাদেশে লিও আন্দোলনের অন্যতম প্রাচীন ও সুপরিচিত ক্লাব হিসেবে পরিচিত। প্রতিষ্ঠালগ্ন থেকে ক্লাবটি মানবিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবা, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক দায়বদ্ধতার চর্চাকে প্রাধান্য দিয়ে অসংখ্য কার্যক্রম পরিচালনা করে আসছে। সময়ের পরিক্রমায় ক্লাবটি শুধু সেবামূলক প্রকল্পই বাস্তবায়ন করেনি, বরং দেশের লিও আন্দোলনের জন্য অসংখ্য দক্ষ সংগঠক ও নেতৃত্বও তৈরি করেছে।

ঘোষিত কমিটিতে লিও ইয়াসিন আরাফাত সাগর সভাপতি, লিও রোজেন চৌধুরী সম্পাদক, লিও মোহাম্মদ রনি মিয়া ও লিও মো. খায়রুল আমিন সহ-সভাপতি এবং লিও মো. বিল্লাল হোসাইন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। ক্লাব উপদেষ্টা হিসেবে থাকবেন লায়ন মিজানুর রহমান, এমজেএফ এবং তাৎক্ষণিক অতীত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন লিও মাহমুদুল হাসান।

নবনির্বাচিত কমিটি "Leading with Legacy" প্রতিপাদ্যকে সামনে রেখে সেবার গৌরবোজ্জ্বল ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার করেছে। নতুন বর্ষে স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা, রক্তদান, বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ, যুব নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ এবং টেকসই সামাজিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি লিও ইয়াসিন আরাফাত সাগর বলেন, "আমাদের ৫৪ বছরের ইতিহাস শুধু অর্জনের নয়, এটি দায়িত্ববোধেরও প্রতীক। এই ঐতিহ্যকে ধারণ করে আমরা নতুন প্রজন্মের লিওদের সঙ্গে নিয়ে সমাজে আরও কার্যকর ও টেকসই সেবামূলক উদ্যোগ বাস্তবায়নে কাজ করব। ক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।"

ক্লাব উপদেষ্টা লায়ন মিজানুর রহমান, এমজেএফ বলেন, লিও ক্লাব অব ঢাকা কমলাপুর সবসময় নেতৃত্ব ও সেবার ক্ষেত্রে একটি অনুকরণীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব তাদের মেধা, কর্মদক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে ক্লাবের সুনাম আরও বৃদ্ধি করবে।

উল্লেখ্য, গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে লিও ক্লাব অব ঢাকা কমলাপুর অসংখ্য জাতীয় ও জেলা পর্যায়ের পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছে। একই সঙ্গে ক্লাবটির সদস্যরা বিভিন্ন সময়ে জেলা, মাল্টিপল জেলা এবং আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব পালন করে দেশের লিও আন্দোলনে বিশেষ অবদান রেখেছেন।

নতুন কমিটির অভিষেকের মাধ্যমে ক্লাবটি আবারও প্রমাণ করেছে যে, ঐতিহ্যকে ধারণ করে সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন নেতৃত্ব তৈরি করাই লিও ক্লাব অব ঢাকা কমলাপুরের অন্যতম বৈশিষ্ট্য। সেবা, নেতৃত্ব ও মানবিকতার এই দীর্ঘ যাত্রা ভবিষ্যতেও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

জনপ্রিয়