এবার উত্তপ্ত ঢাকা আলিয়া মাদরাসা, সংঘর্ষে আহত বেশ কয়েকজন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে চলমান সংঘর্ষের মধ্যেই এবার উত্তপ্ত পরিস্থিতি ঢাকা আলিয়া মাদরাসা ক্যাম্পাস। সেখানে ছাত্রদল ও শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কয়েক দফা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতে দেখা যায়। সংঘর্ষ এড়াতে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর পুরান ঢাকায় আলিয়া মাদরাসা ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। হল দখলকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত বলে জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, দুই পক্ষের শিক্ষার্থীদের হাতে লাঠি ও লোহার পাইপ। এ সময় ইট-পাটকেল ছুড়তেও দেখা যায় তাদের। অনেকের মাথায় হেলমেট।
প্রতক্ষদর্শীরা জানান, দুই পক্ষের ধাওয়া পাল্টা- ধাওয়ার ফলে মাদরাসা শিক্ষা বোর্ডের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়েছে। এ সময় শিবিরের নেতা-কর্মীদের পাইপ নিয়ে আলিয়া মাদরাসার প্রধান গেটে অবস্থান করছেন। অপরদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের সামনের সড়কে ছাত্রদলের নেতা-কর্মীরা অবস্থান করছেন। ঘটনাস্থলে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। এদিকে সড়কটিতে যান চলাচল বন্ধে ভোগান্তিতে পড়েছেন অসংখ্য চলাচলকারী।



























