অপো-বিইউপির আয়োজনে সৃজনশীলতার উৎসব
ফটোগ্রাফি, ভিজ্যুয়াল স্টোরিটেলিং ও তারুণ্যের সৃজনশীলতা উদযাপনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) অনুষ্ঠিত হয়েছে ‘স্ফূরণ ৬.০’। অপো বাংলাদেশের স্পনসরশিপে বিইউপি ফটোগ্রাফি সোসাইটির আয়োজনে গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে অংশ নেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ২ হাজারের বেশি তরুণ।
আয়োজনের মূল লক্ষ্য ছিল ফটোগ্রাফির মাধ্যমে তরুণদের নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরা, দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো ধারণ করা এবং সৃজনশীল কাজের মাধ্যমে নিজেদের ভাবনা প্রকাশের সুযোগ তৈরি করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ডিন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান। এ আয়োজনে শিক্ষার্থী ও উদীয়মান সৃজনশীল ব্যক্তিত্বরা নিজেদের ভাবনা বিনিময়ের পাশাপাশি ভিজ্যুয়াল প্রকাশের বিভিন্ন মাধ্যম সম্পর্কে জানার সুযোগ পান।
স্ফূরণ ৬.০-এ ছিল ক্যামেরা ফটোগ্রাফি, মোবাইল ফটোগ্রাফি ও বিজ্ঞাপন নির্মাণ প্রতিযোগিতা। পাশাপাশি আয়োজন করা হয় আর্ট ও কার্টুন প্রদর্শনী। এসব আয়োজনের মধ্য দিয়ে তরুণ ফটোগ্রাফার ও সৃজনশীল ব্যক্তিরা নিজেদের কাজ তুলে ধরার এবং নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
দুই দিনব্যাপী এ আয়োজনে ফটোগ্রাফি ও মোবাইল প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকার বিষয়টিও উঠে আসে। তরুণেরা কীভাবে দৈনন্দিন জীবনের সাধারণ মুহূর্তগুলোকে ক্যামেরায় ধারণ করে ভিজ্যুয়াল গল্পে রূপ দেন, তা ছিল আয়োজনের অন্যতম আকর্ষণ। এ ছাড়া অপোর ‘মেক ইওর মোমেন্ট’ ধারণাকে কেন্দ্র করে একটি বিশেষ ভিডিও তৈরি করা হয়। এতে তরুণ সৃজনশীলদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে প্রতিদিনের মুহূর্ত পর্যবেক্ষণ, ধারণ ও উপস্থাপনের বিষয়টি তুলে ধরা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে ফটোগ্রাফি প্রতিযোগিতায় জমা পড়া বাছাইকৃত ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী ফটোগ্রাফাররা দর্শনার্থীদের সামনে নিজেদের কাজ তুলে ধরেন। পাশাপাশি মানুষের জীবন, বিভিন্ন স্থান ও দৈনন্দিন অভিজ্ঞতার নানা দিক তরুণদের ক্যামেরায় কীভাবে ফুটে উঠেছে, তা দেখার সুযোগ পান দর্শনার্থীরা।
অনুষ্ঠানে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, তরুণ সৃজনশীলরা সব সময় তাঁদের চারপাশের জগৎ পর্যবেক্ষণ ও প্রকাশের নতুন উপায় খুঁজে নিচ্ছেন। অপো বিশ্বাস করে, প্রযুক্তি তাঁদের চিন্তা ধারণ করতে এবং দৈনন্দিন মুহূর্তগুলোকে অর্থবহ ভিজ্যুয়াল গল্পে রূপ দিতে সহায়তা করতে পারে।
তিনি বলেন, স্ফূরণ ৬.০-এর জন্য বিইউপি ফটোগ্রাফি সোসাইটির সঙ্গে সহযোগিতার মাধ্যমে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পেরে তাঁরা আনন্দিত, যেখানে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা তুলে ধরতে, ধারণা বিনিময় করতে এবং বৃহত্তর সৃজনশীল কমিউনিটির সঙ্গে যুক্ত হতে পারেন।
অনুষ্ঠানে অপো বাংলাদেশ অথোরাইজড ডিস্ট্রিবিউটরের মার্কেটিং ম্যানেজার মো. নাজিমউদ্দৌলা নিলয় ও ব্র্যান্ড প্রমোশন ম্যানেজার মো. নাজমুস সাকিব উপস্থিত ছিলেন। এ সময় বিশেষ অফার ও বিক্রয়-পরবর্তী সেবায় ছাড়ের মাধ্যমে অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের সঙ্গে যুক্ত হয় অপো। পাশাপাশি প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিইউপি ফটোগ্রাফি সোসাইটির সঙ্গে এ সহযোগিতার মাধ্যমে প্রযুক্তি, ফটোগ্রাফি ও সৃজনশীলতার সমন্বয়ে তরুণদের নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশ এবং স্বতন্ত্র ভিজ্যুয়াল পরিচয় গড়ে তোলার সুযোগ তৈরির প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছে অপো।



























