শনিবার ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৩:২৪, ৩ অক্টোবর ২০২৬

ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সুমাইয়া সুলতানা ছিয়া। সংগঠনটির বর্তমান রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি নিজের আদর্শ, মূল্যবোধ ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানিয়েছেন তিনি। তবে পদ ছাড়লেও জাতীয়তাবাদী রাজনীতির আদর্শ থেকে সরে যাচ্ছেন না বলে স্পষ্ট করেছেন এই শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান সুমাইয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী।

ফেসবুক পোস্টে সুমাইয়া উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও গণতন্ত্রের প্রতি বিশ্বাস নিয়ে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি তার বিশ্বাস ও প্রত্যাশার সঙ্গে মিলছে না।

সংগঠনের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়, অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সামগ্রিক রাজনৈতিক পরিবেশ তাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

সুমাইয়া জানান, নিজের বিবেক ও মূল্যবোধের জায়গা থেকে আপাতত বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক রাজনীতি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষ্য, এই পদত্যাগকে জাতীয়তাবাদী রাজনীতি থেকে সরে দাঁড়ানো হিসেবে দেখার সুযোগ নেই। তিনি পদ ছাড়ছেন, আদর্শ নয়।

ছাত্রদলের রাজনীতি থেকে নিজের এই সরে দাঁড়ানোকে সাময়িক বিরতি হিসেবে উল্লেখ করে সুমাইয়া বলেন, ভবিষ্যতে সংগঠনটি শহীদ জিয়াউর রহমানের আদর্শ, শৃঙ্খলা, নীতি ও সাংগঠনিক মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হচ্ছে বলে মনে হলে আবারও সক্রিয় হওয়ার বিষয়টি বিবেচনা করবেন তিনি।

পদত্যাগের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরেও প্রতিক্রিয়া জানান সুমাইয়া। সেখানে তিনি লেখেন, ‘প্রতিবাদ করলে বহিষ্কারই খেতে হয়। বহিষ্কার থেকে স্বেচ্ছায় চলে যাওয়াই ভালো না?’

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, সুমাইয়া ব্যক্তিগত ইচ্ছা থেকে এ সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে তার কোনো মন্তব্য নেই।

উল্লেখ্য, সুমাইয়া সুলতানা ছিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর আগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেত্রী ও শিক্ষার্থী আঞ্জুমান ইকরাকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠন থেকে বহিষ্কার করে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। গত ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়